ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি সংসদে যোগ দিতে যাচ্ছে- এমন ইংগিত দিয়ে রোববারই নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের বিল সংসদে তোলার দাবি জানিয়েছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
শুক্রবার সকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “রোববার আমাদের সংসদীয় দলের সভায় সংসদে যাওয়া না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। সরকারকে বলবো, দয়া করে ওইদিনই নির্দলীয়-নিরপেক্ষ সরকারের বিল সংসদে উপস্থাপন করুন। দেশকে আর অনিশ্চিয়তা ঠেলে দেবেন না।”
আগামী রোববার বিকাল ৪টায় সংসদ ভবনে সংসদীয় দলের সভা ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
টানা ৮৩ দিন সংসদে অনুপস্থিত বিএনপির সাংসদদের পদ বাঁচাতে হলে আর সাত কার্যদিবসের মধ্যেই সংসদে যেতে হবে। এদিকে স্পিকার জানিয়েছেন, সংসদের চলতি অধিবেশনের মেয়াদও এমনভাবে বাড়ানো হচ্ছে যাতে জুনের বাজেট অধিবেশনের আগে আলাদা কোনো অধিবেশন ডাকতে না হয়।
জাতীয় প্রেসক্লাবে ‘হৃদয়ে বাংলাদেশ’ আয়োজিত আলোচনা সভায় বিরোধী দলীয় প্রধান হুইপ বলেন, “সংসদে জনগণের কথা বলা যায় না। সরকারি দল জাতীয় সংসদকে অকার্যকর করে ফেলেছে। তিন বছরে স্পিকার বিরোধী দলের একটি মুলতবি নোটিশও গ্রহণ করেননি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সীমান্তে হত্যা, গুম, দ্রব্যমূল্য ইত্যাদি নানা বিষয়ে আমরা নোটিশ দিয়েছি। একটিও গ্রহণ করা হয়নি।”
এভাবে ক্ষমতাসীনরা সংসদকে ‘কর্মহীন একটি দলীয় প্রতিষ্ঠানে’ পরিণত করেছে বলে তিনি অভিযোগ করেন।
বিএনপির প্রচার সম্পাদক ফারুক বলেন, “এরপরও আমরা সংসদ যাব। জনগণের সমস্যার বিষয়ে কথা বলব। দেখি সরকার এর কী জবাব দেয়।”
নির্দলীয় সরকারের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সরকারের এখন পড়ন্ত বিকাল। অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের দাবি তাদের মেনে নিতে হবে। আমরা ১৯৭২-৭৩ সালের মতো নির্বাচন চাই না। ২০০৮ সালে মঈনুদ্দিন-ফখরুদ্দিনের মতো নির্বাচনের অংশ নেব না।”
‘রাজনৈতিক অপসংস্কৃতি রোধে করণীয়’ শীর্ষক এই আলোচনা সভায় হৃদয়ে বাংলাদেশের সভাপতি মো. হানিফের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কবির রিজভী, ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুল লতিফ, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, রফিক শিকদার, সাংসদ নীলুফার চৌধুরী মনি, মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফা বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪৩৮ ঘ.
bdnews24