২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের হামলায় আহত রুয়েট ছাত্রের মৃত্যু

ছাত্রলীগ কর্মীদের হামলায় আহত হওয়ার পাঁচ দিন পর হাসপাতালে মারা গেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক ছাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2012, 07:28 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

রাজশাহী, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ কর্মীদের হামলায় আহত হওয়ার পাঁচ দিন পর হাসপাতালে মারা গেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক ছাত্র। এ খবরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বৃহস্পতিবার গভীর রাতে রুয়েটে ভাঙচুর ও বিক্ষোভ করে। মতিহার থানার ওসি আকবর হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল আজিজ খান শিহাব (২৩)। রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শিহাবের বাড়ী মানিকগঞ্জ জেলার মুকিমপুরে। তিনি আগে ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকলেও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কিছুদিন আগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। ওসি আকবর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১২ মার্চ আভ্যন্তরীণ কোন্দল ও বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রুয়েট ক্যাফেটোরিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত হন ছাত্রলীগের বহিষ্কৃত দুই কর্মী। এদের মধ্যে শিহাব ঢাকার পঙ্গু হাসপাতালে ছিলেন। আর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র চৌধুরী রনি রাজশাহী মেডিকের কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রুয়েট ছাত্রলীগের আহ্বায়ক হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ফেব্র“য়ারি মাসে রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বনভোজন আয়োজন নিয়ে সংগঠনের দুই পক্ষের মারামারির বেশ কয়েকজন কর্মী আহত হন। রনি, শিহাবসহ জিয়া হলের বেশ কয়েকজন কর্মী ওই ঘটনায় নেতৃত্ব দেয়। আইন-শৃঙ্খলা ভঙ্গের কারণে স¤প্রতি তাদের বহিষ্কার করে রুয়েট ছাত্রলীগ। গত ১২ মার্চ রনি ও শিহাব ক্যাফেটোরিয়ায় বসে নাস্তা করার সময় সেলিম হল শাখা ছাত্রলীগের সভাপতি মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব, পলাশ, জয়সহ ৭-৮ জন ছাত্রলীগ কর্মীর সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা লাঠি ও লোহার রোড দিয়ে পেটায় রনি ও শিহাবকে। ওসি আকবর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার দিনই ১৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। ছাত্রলীগ নেতা হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “জড়িত ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৩২৪ ঘ.