ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে আইনি লড়াইয়ে জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ না দেওয়ায় বিএনপির সমালোচনা করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সন্ধ্যায় রাজধানীতে এক অনুষ্ঠানে মন্ত্রী এ বিষয়ে কথা বলেন।
জার্মানির হামবুর্গের সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বুধবার (১৪ মার্চ) এক রায়ে বঙ্গোপসাগরে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের। এছাড়া ২০০ নটিক্যাল মাইল ছাড়িয়ে মহীসোপানের বাইরের সামুদ্রিক সম্পদেও বাংলাদেশের অধিকার সুনিশ্চিত হয়।
সরকারের বদলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ অর্জনের পুরো কৃতিত্ব দিয়ে বিবৃতি দেয় বিএনপি।
এ বিষয়ে যোগাযোগ মন্ত্রী বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী কি প্রধানমন্ত্রী নিয়োগ দেননি? এর জন্য কি আমাদের কূটনৈতিক কার্যক্রম চালাতে হয়নি? যদি ব্যর্থ হতাম তখন তো এর জন্য আমাদেরই দায়ী করতেন তারা।
“রাজনীতি অসুস্থ থাকলে সংস্কৃতির বীজতলা ভাল হয় না। তাই আমাদের রাজনীতির অসুস্থতাকে দূর করে সংস্কৃতির বীজতলার পরিচর্যা করতে হবে,” বলেন মন্ত্রী।
শাহবাগের পাবলিক লইব্রেরিতে (গণগ্রন্থাগার অধিদপ্তর) বঙ্গবন্ধু চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রী।
পটুয়া কামরুল হাসান আর্ট স্কুল আয়োজিত এই প্রতিযোগিতায় ছয় থেকে ১৩ বছরের শিশু-কিশোররা অংশগ্রহণ করে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে চিত্রশিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. নূর হোসেন তালুকদার, পটুয়া কামরুল হাসান আর্ট স্কুলের পরিচালক আনোয়ার হাসান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/২২২৬ ঘ.
bdnews24