চট্টগ্রাম, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের লালখান বাজারে পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের দায়ে ইসলামী ঐক্যজোট একাংশের চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীকে তিন লাখ আট হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম বুধবার রাতে এই জরিমানা করে ১৮ মার্চের মধ্যে অর্থ পরিশোধের জন্য মুফতি ইজহারুলকে নির্দেশ দেন।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক গোলাম মোহাম্মদ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লালখান বাজার এলাকায় মুফতি ইজহার পরিচালিত জমিয়াতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ পাহাড় কেটে রাস্তা বানানোর ফলে স্থানীয় কুসুমবাগ আবাসিক এলাকার লোকজন ঝুঁকির মধ্যে পড়ে। এ কারণে মুফতি ইজহারসহ মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতে অভিযোগও করা হয়।
এ বিষয়ে মুফতি ইজহারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও পাহাড় কাটা বন্ধ না হওয়ায় বুধবার রাতে তাকে জরিমানা করা হয় বলে গোলাম ভূঁইয়া জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “জরিমানার পাশাপাশি ভবিষ্যতে পাহাড় না কাটার জন্য মুফতি ইজহার এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৭১৬ ঘ.
bdnews24