ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাগারে অসুস্থ হয়ে পড়ায় যুদ্ধাপরাধের অভিযোগে আটক সালাউদ্দিন কাদের চৌধুরীকে গাজীপুর থেকে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বিএনপির এই নেতাকে একটি অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর কারাগার থেকে ঢাকায় আনা হয়। বৃহস্পতিবার রাত রাত সাড়ে আটটায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
কাশিমপুরের কারা তত্ত্বাবধায়ক টিপু সুলতান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরের পর হঠাৎ অসুস্থ বোধ করার কথা জানান সালাউদ্দিন কাদের।
“তিনি বুকে ব্যথা অনুভব করছেন বলে জানিয়েছেন। এরপর থেকে এখানকার ডাক্তারদের তত্ত্বাবধানে রাখা হয়। পরে তাদের পরামর্শেই কিছু পরীক্ষার জন্য তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে,” বলেন কারা কর্মকর্তা।
বিএনপি নেতার ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আব্বার শরীর ভালো না। তাকে বিশেষ ব্যবস্থায় ঢাকায় এনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।”
এর আগে সালাউদ্দিনের ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সাংবাদিকদের বলেন, তার ভাই হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে তিনি জানতে পেরেছেন।
“আমরা জানতে পেরেছি, তিনি গুরুতর অসুস্থ। কারাগারের চিকিৎসকরাও তাকে হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন”, বলেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে ২০১০ সালের ১৬ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এমআই/২০৩১ ঘ.
bdnews24