২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীর বিরুদ্ধে ১৫ অভিযোগে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডই নেই!

আল বদর বাহিনীর প্রধানের বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ না দেখে প্রশ্ন করেছেন ট্রাইব্যুনালের বিচারকও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 10:53 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

তানিম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের যে ১৫টি অভিযোগ এনেছে প্রসিকিউশন বিভাগ, তাতে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নেই, যা নিয়ে প্রশ্ন করেছেন ট্রাইব্যুনালের বিচারকও। বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর আমির নিজামীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ২১ মার্চ প্রসিকিউশনের যুক্তি দেখানোর দিন ঠিক হয়েছে। মুক্তিযুদ্ধকালীন আল বদর বাহিনীর প্রধান ছিলেন নিজামী। বলা হয়, এই সংগঠনটি ১৯৭১ এর ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সক্রিয় ভূমিকা রেখেছিল। একাত্তরে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের প্রধানও ছিলেন নিজামী। প্রসিকিউটর আলতাফ উদ্দিন আহমেদ জামায়াত নেতা নিজামীর বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন শেষ করলে ট্রাইব্যুনাল প্রধান বিচারপতি নিজামুল হক নাসিম অবাক হয়েই জানতে চান, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ নেই কেন? তখন প্রসিকিউটার হায়দার আলী বলেন, এই বিষয়টিও রয়েছে এবং প্রমাণসহ তা উপস্থাপন করা হবে। তবে ট্রাইব্যুনাল প্রধান এরপরও বলেন, আনুষ্ঠানিক অভিযোগপত্রে তো এই বিষয়টি দেখছি না। মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে জামায়াত আমিরের বিরুদ্ধে, যা গত ৯ জানুয়ারি এ অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটি মামলায় গ্রেপ্তার করা হয় নিজামীকে। পরে তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এদিন সাবেক এমপি ও জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করে প্রসিকিউশন। এ অভিযোগ আমলে নেওয়ার বিষয়টি ২২ মার্চ জানাবে ট্রাইব্যুনাল। ওই দিন পর্যন্ত আলীমের জামিনের মেয়াদ বাড়িয়ে সেদিন তাকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ‘প্রস্তুত হয়ে আসুন’ নিজামীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের শুনানির জন্য প্রসিকিউশন প্রস্তুত কি না- ট্রাইব্যুনাল চেয়ারম্যানের এ প্রশ্নের জবাবে প্রসিকিউটর আলতাফ উদ্দিন আহমেদ ‘হ্যাঁ’ সূচক জবাব দেন। তখন বিচারপতি নিজামুল হক বলেন, নিজামীর বিরুদ্ধে অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ তুলে ধরতে হবে। শুনানির জন্য আগামী ২১ মার্চ প্রস্তুতি নিয়ে আসার জন্য প্রসিকিউটরকে পরামর্শ দেন তিনি। ট্রাইব্যুনালের সদস্য বিচারক এ কে এম জহির আহমেদ তাকে ফের জিজ্ঞেস করেন, “আপনি কি প্রস্তুত?” প্রসিকিউটর আহমেদ তখনও ‘হ্যাঁ’ বললে তিনি তাকে জিজ্ঞেস করেন, “আপনি কি নিশ্চিত, আপনি প্রস্তুত?” “হ্যাঁ, আমি প্রস্তুত,” বলেন আলতাফ আহমেদ। বিচারপতি জহির আহমেদ বলেন, “তাহলে ঠিক আছে, আমি শেষ অভিযোগটি নিয়ে শুনানি শুরু করব এবং বাকিগুলো আমরা পরবর্তী সময়ের জন্য রেখে দিতে পারি।” তিনি তখন প্রসিকিউটরকে অভিযোগ পড়ে শোনাতে বলেন, যাতে রয়েছে- নিজামী পাবনার স্থানীয় একটি স্কুলে সামাদ নামে রাজাকার বাহিনীর একজন কমান্ডারের সঙ্গে আলোচনা ও ষড়যন্ত্র করেন। তখন বিচারক জহির আহমেদ প্রসিকিউটরের কাছে জানতে চান, শুধু পরিকল্পনা ও ষড়যন্ত্রের জন্য নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রস্তাব তিনি করছেন, যার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ যার মধ্যে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণ, বন্দি ইত্যাদির মতো অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। প্রসিকিউটর আলতাফ আহমেদ যথাযথ উত্তর দিতে ব্যর্থ হলে তার সহকর্মী হায়দার আলী বলেন, প্রসিকিউশন নিজামীর বিরুদ্ধে পঞ্চদশ অভিযোগে এসব অপরাধ আনতে চেয়েছে কারণ, “এগুলো তার ষড়যন্ত্রের কারণে ঘটেছিল এবং ওই অপরাধগুলো সংঘটিত হয়েছিল।” এর বক্তব্যের পর জহির আহমেদ বলেন, “কিন্তু এ অভিযোগের বর্ণনায় এমনটা বোঝায় না। এর কোথাও বলা নেই যে, তিনি পরিকল্পনা ও ষড়যন্ত্র করেছিলেন এবং তার পরিকল্পনার কারণে অন্য অপরাধগুলো সংঘটিত হয়েছিল।” তখন প্রসিকিউটর হায়দার বলেন, “এটা আক্ষরিকভাবে বলা না হলেও বৃহত্তর পরিসরে ওই অভিযোগ গ্রহণ করতে হবে। অন্য অভিযোগগুলোতেও এসব অপরাধের কথা বলা হয়েছে। প্রকৃত অর্থে এটা কোনো স্বতন্ত্র অভিযোগ নয়।” এ সময় যুক্তিতর্কের এক পর্যায়ে নিজামীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও হুকুমদাতার (কমান্ড) অভিযোগ গ্রহণ সম্মতি জানিয়ে বাকি অভিযোগগুলো পরবর্তীতে দেখ হবে বলে জহির আহমেদ জানান। নিজামীর বিরুদ্ধে মূলত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, ষড়যন্ত্র ও হুকুমদাতার অভিযোগ আনা হয়েছে। ১৫ অভিযোগে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নেই ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক প্রসিকিউটর আলতাফ উদ্দিন ও হায়দার আলীর কাছে জানতে চান, নিজামীর বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অভিযোগ কেন আনা হয়নি। জামায়াতের আমিরের বিরুদ্ধে অভিযোগপত্রের ১৩ নম্বর অভিযোগে কুখ্যাত মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেইনিং ইনস্টিটিউটের কথা উল্লেখ করা হয়েছে। এ ইনস্টিটিউটে ছাত্র সংঘের সদস্যদের নিয়ে গঠিত আল বদর বাহিনীর সদস্যরা বুদ্ধিজীবীদের ধরে এনে নির্যাতন করত। বিচারপতি নিজামুল বলেন, অনেক প্রকাশনা ও গ্রন্থে (রেফারেন্স) বলা হয়েছে, রায়ের বাজার বধ্যভূমিতে গণকবর দেওয়ার আগে এ স্থানেই বুদ্ধিজীবীদের নির্যাতন করা হয়। অবশ্য পরবর্তীতে প্রসিকিউটর হায়দার আলী সাংবাদিকদের বলেন, নিজামীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে বুুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। “এটা সেখানে আছে, এটা সেখানে আছে,” যাওয়ার আগে বলেন হায়দার আলী। এরপর এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি আলতাফ আহমেদ। বুদ্ধিজীবী হত্যকাণ্ডের বিষয়টি কোন অভিযোগে অন্তুর্ভুক্ত করা হয়েছে তা স্পষ্ট করতে না পারলেও নিজামীর বিরুদ্ধে আনা ১৫টি অভিযোগের মধ্যে এ বিষয়টি আছে বলে দাবি করেন তিনি। অবশ্য ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক এ অভিযোগ উত্থাপনের সময় একটিবারের জন্যও বুদ্ধিজীবী শব্দটি উচ্চারণ করেননি তিনি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের এক দিন আগে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম হোতা নিজামী ছিলেন বলে অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/এমআই/১৯৩০ ঘ.