২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জনগণকে নিরাপত্তা দিতে সব করেছি’

বিরোধীদলের মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার চারদিকে নিরাপত্তা বলয় সৃষ্টির কারণে ‘কিছুটা’ জনদুর্ভোগ হওয়ার কথা স্বীকার করে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 10:49 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলের মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার চারদিকে নিরাপত্তা বলয় সৃষ্টির কারণে ‘কিছুটা’ জনদুর্ভোগ সৃষ্টির কথা স্বীকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের নিরাপত্তার স্বার্থেই সব করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গণভবনে মতবিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধা সমাবেশ সামনে রেখে ১৮ ডিসেম্বর দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হয়েছিল, এবারও তেমন পরিকল্পনা ছিল বিরোধী দলের। “আশংকা ছিলো- ১৮ ডিসেম্বর তারা যে (ব্যর্থ) হয়েছিলো, সে ঘটনা ১২ তারিখে ঘটাবে। জনগণের জন্য ব্যবস্থা নিতে হয়েছিলো- যেন কেনো বোমাবাজি না ঘটে, বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এতে জনগণের কিছু ভোগান্তি হয়েছে।” “এখন যারা সরকারের সমালোচনা করছেন, সেদিন বোমাবাজি হলে- তখন তারা কী বলতো”, প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। ১২ মার্চের সমাবেশে যেতে বাঁধা দেওয়া হয়েছে- বিরোধী দলীয় নেতার এমন অভিযোগ অস্বীকার করে শেখ হাসিনা বলেন, “আমরা তো মিছিল আসতে বাধা দেই নাই। আমরা মিছিল আসতে দিয়েছি। তবে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবই করেছি। যেন কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড না ঘটে।” মতবিনিময় অনুষ্ঠানের শুরুতেই মেঘনার লঞ্চডুবির ঘটনায় শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। বঙ্গোপসাগরের দাবি নিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায় বাংলাদেশের পক্ষে আসায় আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয় এরপর। ‘নির্বাচন গণতান্ত্রিক নিয়মেই’ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালে বিরোধী দলের দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই আগামী নির্বাচন হবে। “যে সকল দেশে সংসদীয় গণতন্ত্র আছে। যে সকল দেশে যেভাবে নির্বাচন হয়। সেভাবেই হবে। গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকুক- তাই নিশ্চিত করতে চাই”, যোগ করেন হাসিনা। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার জনগণের ভোটের সাংবিধানিক অধিকার নিশ্চিত করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সময়ই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। উদাহরণ হিসেবে তিনি বর্তমান সরকারের সময় অনুষ্ঠিত জাতীয় সংসদের উপ-নির্বাচন এবং স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “কোনো নির্বাচন নিয়ে কোনো অভিযোগ ওঠেনি। আর বিএনপির সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দু’শ লোক মারা গিয়েছিলো।” আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে সভাপতিমণ্ডলীর সদস্য মহিউদ্দিন খান আলমগীর, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও খালিদ মাহমুদ চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল এবং কার্যনির্বাহী সংসদের সদস্য এনামুল হক শামীম ও সুজিত রায় নন্দী এসময় উপস্থিত ছিলেন। খুলনা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান এবং খুলনা জেলার সাংসদরা এ মত বিনিময় অনুষ্ঠানে অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/জেকে/১৭২০ ঘ.