২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতকে পুনর্বাসনে মরিয়া বিএনপি: মেনন

১৪ দলের জনসভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, জামায়াতে ইসলামীকে রক্ষার জন্যই বিএনপি আন্দোলন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 10:56 AM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৪ দলের জনসভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, জামায়াতে ইসলামীকে রক্ষার জন্যই বিএনপি আন্দোলন করছে। বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় জনসভায় তিনি বলেন, “জামায়াতকে ফের পুর্নবাসন করার জন্য বিএনপি মরিয়া হয়ে উঠেছে। তবে আন্দোলন করে যুদ্ধাপরাধীদের রক্ষা করা যাবে না।” তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালে বিরোধী দলের আলটিমেটাম প্রসঙ্গে তিনি বলেন, “৯০ দিনে নয়, ৯০০ দিনেও তত্ত্বাধায়ক সরকার পুনর্বহালের আশা পূর্ণ হবে না।” বিরোধী দলের বিকল্প প্রস্তাব থাকলে তা সংসদে দেওয়ার আহ্বান জানান মেনন। বিএনপির দেওয়া আলটিমেটামের জবাবে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, “খালেদা আলটিমেটাম দিয়ে কোনো সমাধান দেননি, বরং হুমকি দিয়েছেন গণতন্ত্র ও সরকারের বিরুদ্ধে। ষড়যন্ত্র করার জন্য এ হুমকি দিয়েছেন।” নির্বাচন নিয়ে বিকল্প প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কে না জানে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করা যাবে না। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল নয়, বিকল্প প্রস্তাব নিয়ে আসুন, আলোচনা করতে রাজি আছি।” আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও বলেন, “এই সরকারের আমলে কোনো নির্বাচনে কেউ কারচুপির অভিযোগ আনতে পারেনি। সব নির্বাচন যদি অবাধ ও নিরপেক্ষ হতে পারে, তবে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন কেন অবাধ ও নিরপেক্ষ হবে না?” ১৪ দলের নেতাদের বক্তব্যের সময় সভামঞ্চেই রয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনিও এই জনসভায় বক্তব্য দেবেন। সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। যুদ্ধাপরাধীদের বিচারে বাধা, দুর্নীতিবাজদের রক্ষা ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ১৪ দলের এই জনসভা হচ্ছে। বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকার এই জনসভা বুধবার বেলা পৌনে ৩টায় কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয়। এর আগে বেলা পৌনে ২টার দিকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সভামঞ্চ থেকে দেশাত্মবোধক গান গেয়ে শোনান। নেতা-কর্মী-সমর্থকদের হর্ষধ্বনির মধ্যে শেখ হাসিনা সভামঞ্চে পৌঁছান বিকাল ৪টায়। মঞ্চে তিনি যেখানে বসেছে, তা বুলেটপ্রুফ কাচ দিয়ে ঘেরা। সভামঞ্চে রয়েছেন আওয়ামী লীগসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতারা। সমাবেশ মঞ্চটি নির্মিত হয়েছে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে দক্ষিণমুখী করে। মঞ্চের পশ্চিমে ও দক্ষিণে ২০০ গজ এলাকা বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিরাপত্তার স্বার্থেই এটা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৬৪৫ ঘ.