২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় সরকারের অধীনেই নির্বাচন: আশরাফ

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আবার প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 10:35 AM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আবার প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় ১৪ দলের জনসভায় তিনি বলেন, “এই সরকারের আমলে কোনো নির্বাচনে কেউ কারচুপির অভিযোগ আনতে পারেনি। সব নির্বাচন যদি অবাধ ও নিরপেক্ষ হতে পারে, তবে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন কেন অবাধ ও নিরপেক্ষ হবে না?” সৈয়দ আশরাফের বক্তব্যের সময় সভামঞ্চেই ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। যুদ্ধাপরাধীদের বিচারে বাধা, দুর্নীতিবাজদের রক্ষা ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ১৪ দলের এই জনসভা হচ্ছে। বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকার এই জনসভা বুধবার বেলা পৌনে ৩টায় কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয়। এর আগে বেলা পৌনে ২টার দিকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সভামঞ্চ থেকে দেশাত্মবোধক গান গেয়ে শোনান। নেতা-কর্মী-সমর্থকদের হর্ষধ্বনির মধ্যে শেখ হাসিনা সভামঞ্চে পৌঁছান বিকাল ৪টায়। মঞ্চে তিনি যেখানে বসেছে, তা বুলেটপ্রুফ কাচ দিয়ে ঘেরা। সভামঞ্চে রয়েছেন আওয়ামী লীগসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতারা। সমাবেশ মঞ্চটি নির্মিত হয়েছে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে দক্ষিণমুখী করে। মঞ্চের পশ্চিমে ও দক্ষিণে ২০০ গজ এলাকা বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিরাপত্তার স্বার্থেই এটা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৬২৫ ঘ.