২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির নতুন জোটে আরো ১০ দল

নয়া পল্টনের সমাবেশে চারদলীয় জোটে আরো ১০টি দলকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিলেও নতুন জোটের নাম জানাননি খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 01:21 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া পল্টনের সমাবেশে চারদলীয় জোটে আরো ১০টি দলকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিলেও নতুন জোটের নাম জানাননি খালেদা জিয়া। সোমবার দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ মঞ্চে সমমনা দলগুলোর নেতাদের পাশে রেখেই নতুন জোটের ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন। ঘোষণার সঙ্গে সঙ্গে মহাসমাবেশস্থলে উপস্থিত নেতা-কর্মীরা মুহুর্মুহু করতালি দিয়ে এই ঘোষণাকে স্বাগত জানায়। খালেদা নতুন জোটের নাম না বললেও চারদলীয় জোট নেতারা বলে আসছেন, নতুন জোটের নাম হবে ‘সম্মিলিত গণতান্ত্রিক জোট’। চারদলীয় জোটে বর্তমানে বিএনপি ছাড়াও রয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এর মধ্যে ইসলামী ঐক্যজোটের মধ্যে কয়েকটি ভাগ রয়েছে। নতুন জোটে যোগ হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), কল্যাণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ লেবার পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), বাংলাদেশ ন্যাপ, মুসলিম লীগ, ইসলামিক পার্টি ও ন্যাপ ভাসানী। খালেদা জিয়া বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় লক্ষ্যে এবং চলমান আন্দোলন বেগবান করতে আমরা চারদলীয় জোট স¤প্রসারণের সিদ্ধান্ত নিয়েছি।” বিএনপি নেতৃত্বাধীন জোটে নতুন অন্তর্ভুক্ত দলগুলোর মধ্যে এলডিপি সভাপতি অলি আহমদসহ দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন। অন্যরা হলেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনডিপি সভাপতি খন্দকার গোলাম মূর্তজা, বাংলাদেশ ন্যাপ সভাপতি জেবেল রহমান গানি, মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খাঁন, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন, ন্যাপ ভাসানীর সভাপতি শেখ আনোয়ারুল হক। এই দলগুলোর মধ্যে শুধু এলডিপিরই সংসদে আসন রয়েছে। বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য অলি আহমদ চট্টগ্রামের একটি আসন থেকে সংসদে প্রতিনিধিত্ব করছেন। এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ সমাবেশে অংশ নিলেও নতুন জোটে তারা নেই। বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব বি চৌধুরী নিজে না গেলেও একজন প্রতিনিধি পাঠান সমাবেশে। বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট গঠন করা হয় ১৯৯৯ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনের সময়। ওই বছরের ৩০ নভেম্বর জোটের ঘোষণাপত্রে সই করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, জামায়াতে ইসলামীর তৎকালীন আমির গোলাম আযম, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আল্লামা আজিজুল হক। পরে এরশাদ জোট থেকে সরে গেলেও বিজেপি নাম নিয়ে জাতীয় পার্টির নাজিউর রহমান নেতৃত্বাধীন অংশ চারদলীয় জোটে থেকে যায়। নাজিউরের মৃত্যুর পর তার ছেলে আন্দালিব রহমান পার্থ বিজেপি নামে এই দলটির নেতৃত্বে রয়েছেন। ’৮০ দশকে এরশাদবিরোধী আন্দোলনে বিএনপি সাতদলীয় জোটের নেতৃত্বে ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯১৫ ঘ.