ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৯ মার্চ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালসহ তিন মাসের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছেন খালেদা জিয়া।
সোমবার সন্ধ্যায় নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন তিনি।
কর্মসূচির মধ্যে আছে- মহাসমাবেশে বাধা দেওয়া, গণগ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে ২৯ মার্চ দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল, পুরো এপ্রিল মাস সরকারের ‘ব্যর্থতা’র প্রতিবাদে জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ, পুরো মে মাস সার ও কৃষি উপকরণের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে জেলা ও উপজেলায় ঘেরাও কর্মসূচি।
‘নির্দলীয় নিরপেক্ষ’ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি মেনে নিতে মহাজোট সরকারকে তিন মাস অর্র্থাৎ আগামী ১০ জুন সময় বেঁধে দেন বিএনপি চেয়ারপারসন।
এর মধ্যে দাবি আদায় না হলে আগামী ১১ জুন ঢাকায় সমাবেশ করে সরকার পতনে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।
খালেদা জিয়া বলেন, “নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে আগামী ১১ জুন পর্যন্ত সরকারকে সময় দেওয়া হলো। এই সময়ের মধ্যে সরকার নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনর্বহাল না করলে আমরা কঠোর কর্মসূচি দেব।
“ওই কর্মসূচিতে হয় দাবি পূরণ করবে, নইলে সরকারকে বিদায় নিতে হবে।”
ঘোষিত কর্মসূচি সফলভাবে পালনের জন্য নেতা-কর্মী ও দল-মত নির্বিশেষ দেশপ্রেমিক জনগণের প্রতি আহবানও জানান বিরোধীদলীয় নেতা।
সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর নয়া পল্টনে জনসভা থেকে খালেদা জিয়া ‘নির্দলীয় নিরপেক্ষ’ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জনমত গড়ে তুলতে সিলেট, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা ও চট্টগ্রাম অভিমুখে রোড মার্চের কর্মসূচি ঘোষণা করেছিলেন।
গত ৯ ডিসেম্বর চট্টগ্রাম পলো গ্রাউন্ড মাঠে ওই রোড মার্চ কর্মসূচির সমাপ্তি টেনে ঢাকায় মহাসমাবেশের ‘ঢাকা চলো’ কর্মসূচি ঘোষণা করেছিলেন খালেদা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এনআইএইচ/পিডি/১৮৫০ ঘ.
bdnews24