ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের ‘বাধা পেরিয়ে’ মহাসমাবেশে আসায় নেতা-কর্মী-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার রাজধানীর নয়া পল্টনে আয়োজিত এ মহাসমাবেশে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বক্তৃতার আগে মির্জা ফখরুল বলেন, “এখানে আসতে আওয়ামী লীগ বাধা দিয়েছে, বাস-ট্রেন বন্ধ করে দিয়েছে। কিন্তু জীবনবাজি রেখে জনগণ সমাবেশে এসেছে।”
সরকার শত চেষ্টা করেও মহাসমাবেশ বন্ধ করতে পারেনি উল্লেখ করে ‘কষ্ট করে’ আসার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান ফখরুল।
বিএনপির অভিযোগ, সরকারের নির্দেশে সারা দেেেশর সঙ্গে বাস ও লঞ্চ চলাচল বিচ্ছিন্ন করে ঢাকাকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। এই সমাবেশ সামনে রেখে সারা দেশে বিএনপির কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এই মার্চ মাসেই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন- এমন মন্তব্য করে ফখরুল বলেন, “আমাদের এক দাবি- নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তা না হলে বিদায় নিতে হবে।”
আওয়ামী লীগের পায়ের তলা থেকে মাটি সরে গেছে দাবি করে তিনি বলেন, নিরপক্ষ ও নির্দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৭৪০ ঘ.
bdnews24