ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহুল আলোচিত মহাসমাবেশে ‘বাধার’ পরও বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতিতে বক্তব্যে খালেদা জিয়া বিদ্যুৎ ও গ্যাস সঙ্কট অবসানে সরকারের ব্যর্থতার সমালোচনাও করেছেন।
সোমবার বিকাল ৪টা ৪০ মিনিটে বক্তব্য শুরু করেন খালেদা জিয়া। তবে ঠিক ওই সময় আসরের আজান শুরু হওয়ায় খানিক বিরতি দিয়ে পুনরায় বক্তব্য শুরু করেন তিনি।
খালেদা জিয়া বলেন, “লোডশেডিংয়ে আজ জীবন অতিষ্ঠ। অথচ কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের নামে দলীয় লোকজন ও আত্মীয় স্বজনদের লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ দিতে নয়, লুটপাটের জন্যই এই কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের কাজ বিনা দরপত্রে দেওয়া হয়েছে।”
বিদ্যুৎ ও জ্বালানি তেলের বাড়ানোর সমালোচনাও করেন তিনি।
পুঁজিবাজারের অর্থ লুটপাট হয়েছে দাবি করে খালেদা বলেন, “শেয়ার মার্কেটে এতবড় লুট হয়ে গেল, তাদের কারো বিচার হয়নি, বরং তাদের আরো অধিক ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী বললেন, যারা লুট করেছে, তারা এত ক্ষমতাবান, তাদের নাম প্রকাশ করার ক্ষমতা তার নেই। তাহলে বুঝতে বাকি থাকে না, এই ক্ষমতাবান ব্যক্তি কারা।
“এর সঙ্গে আওয়ামী লীগের লোকজন যারা জড়িত, তাদের জনগণ চিনে ফেলেছে,” বলেন তিনি।
অর্থনীতিতে সঙ্কট চলছে দাবি করে বিরোধী নেতা বলেন, “তারা ১০ টাকা কেজিতে চাল দিতে পারেনি, কৃষকদের বিনামূল্যে সার দিতে পারেনি, শুধু তাই নয়, প্রতিটি কৃষি উপকরণের দাম বাড়িয়েছে। সারের দাম তিন গুণ বাড়িয়েছে।”
সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে দাবি করে বিএনপি চেয়ারপারসন বলেন, “সত্য খবর দেয় বলে গণমাধ্যমকে ভয় পায় সরকার। এই সময়ে ১৫ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। সবশেষ খুন হয়েছে সাগর-রুনি। এই হত্যাকাণ্ডের কোনো বিচার-টিচার আর হবে না। প্রধানমন্ত্রী নিজেই দায়িত্ব নিয়ে এখন বলছেন, আলামত মুছে গেছে। আলামত মুছে ফেলে এখন বলেন, মুছে গেছে!”
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আন্দোলন চালিয়ে যেতে সাংবাদিকদের আহ্বান জানিয়ে তাতে বিএনপির সমর্থন থাকবে বলে জানান তিনি।
খালেদা জিয়া বলেন, “বিএনপির এই মহাসমাবেশ লাইভ টেলিকাস্ট করতে চেয়েছিল এনটিভি, ইটিভি ও বাংলাভিশন। কিন্তু তাদের লাইসেন্স বাতিলের হুমকি দেওয়া হয়েছে।”
খালেদা বলেন, “বিচার বিভাগ আজ সম্পূর্ণ দলীয়করণ করা হয়েছে। অনেক বিচারক চাইলেও স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। এই জন্য ব্যারিস্টার রফিক উল হক বলেছেন, দেশে আজ মুখ চেয়ে রায় দেওয়া হয়।”
“এখন আওয়ামী লীগের জন্য এক বিচার, অন্যদের জন্য আরেক বিচার,” বলেন তিনি।
দেশে একদলীয় শাসন চলছে দাবি করে খালেদা বলেন, “দেশে এখন বাকশাল চলছে। গণতন্ত্র এখন বন্দি, এক জনের শাসন চলছে। এই গণতন্ত্র উদ্ধার করতে হবে।”
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা মুখ খুলুন, নইলে পরে জনরোষে পড়বেন। জনগণের হাতে লাঞ্ছিত হবেন।”
আইএসআইয়ের কাছ থেকে অর্থ নিয়ে নির্বাচন করার সরকারি দলের নেতাদের বক্তব্যের জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, “আমাদের বিদেশি টাকার প্রয়োজন হয় না। আমাদের জনগণ রয়েছে।”
উল্টো আওয়ামী লীগই বিদেশি অর্থে নির্বাচন করেছিল বলে দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংযমী হওয়ার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, “এমন কিছু বলবেন না, যাতে দেশের মানুষ লজ্জা পায়। প্রধানমন্ত্রীর পদের একটি মহিমা আছে, তা নষ্ট করবেন না।”
মহাসমাবেশে পদে পদে বাধা দেওয়া হয়েছে দাবি করে বিএনপি চেয়ারপারসন বলেন, “সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাই তাদের এত ভয়। সরকার এখন আতঙ্কে ভুগছে। তাদের ভয় এখন জনগণকে। এতই যদি ভাল কাজ করেন, উন্নয়ন করেন, তবে কেন এত ভয়?”
বক্তব্যের শুরুতেই খালেদা বলেন, “এই মহাসমাবেশে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে। তিন দিন ধরে ঢাকা অবরুদ্ধ করে রাখা হয়েছে। ব্যাপক বাধা উপেক্ষা করে তারপরও আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এ জন্য ধন্যবাদ। বাধা দিয়েও জনস্রোত ঠেকানো যায়নি।”
“সরকার যদি এতই জনপ্রিয়, তবে কেন তাদের এত ভয়,” সমাবেশে বাধার প্রতিক্রিয়ায় বলেন তিনি।
বর্তমান সরকার একদলীয় বাকশালের পথে এগিয়ে যাচ্ছে দাবি করে খালেদা বলেন, “এই সরকার অন্ধ, বধির, চোখে দেখে না, কানে শোনে না। আমরা বলতে চাই সমাবেশ-সভা-মিছিল মানুষের গণতান্ত্রিক অধিকার। এতে বাধা দেওয়া বাংলার জনগণ মেনে নেবে না।”
মহাসমাবেশের আগে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে অন্তরীণ সবার মুক্তি দাবি করেন তিনি। “এই সরকার জনগণের সরকার নয়, মইনুদ্দিন-ফখরুদ্দীনের সরকার,” বলেন তিনি।
দুপুর দেড়টার দিকে শুরু হওয়া এই জনসভায় এর আগে বিএনপি ও সমমনা দলগুলোর নেতারা বক্তব্য দেন। সাদেক হোসেন খোকার সভাপতিত্বে শুরু হওয়া এই সমাবেশে বেলা আড়াইটায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এনআইএইচ/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24