২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যমকে ভয় পায় সরকার: খালেদা

বহুল আলোচিত মহাসমাবেশে ‘বাধার’ পরও বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতিতে বক্তব্যে খালেদা জিয়া বলেছেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 11:34 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহুল আলোচিত মহাসমাবেশে ‘বাধার’ পরও বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতিতে বক্তব্যে খালেদা জিয়া বলেছেন, সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে। সোমবার বিকাল ৪টা ৪০ মিনিটে বক্তব্য শুরু করেন খালেদা জিয়া। তবে ঠিক ওই সময় আসরের আজান শুরু হওয়ায় খানিক বিরতি দিয়ে পুনরায় বক্তব্য শুরু করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বলেন, “সত্য খবর দেয় বলে গণমাধ্যমকে ভয় পায় সরকার। এই সময়ে ১৫ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। সবশেষ খুন হয়েছে সাগর-রুনি। এই হত্যাকাণ্ডের কোনো বিচার-টিচার আর হবে না। প্রধানমন্ত্রী নিজেই দায়িত্ব নিয়ে এখন বলছেন, আলামত মুছে গেছে। আলামত মুছে ফেলে এখন বলেন, মুছে গেছে!” সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আন্দোলন চালিয়ে যেতে সাংবাদিকদের আহ্বান জানিয়ে তাতে বিএনপির সমর্থন থাকবে বলে জানান তিনি। খালেদা জিয়া বলেন, “বিএনপির এই মহাসমাবেশ লাইভ টেলিকাস্ট করতে চেয়েছিল এনটিভি, ইটিভি ও বাংলাভিশন। কিন্তু তাদের লাইসেন্স বাতিলের হুমকি দেওয়া হয়েছে।” খালেদা বলেন, “বিচার বিভাগ আজ সম্পূর্ণ দলীয়করণ করা হয়েছে। অনেক বিচারক চাইলেও স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। এই জন্য ব্যারিস্টার রফিক উল হক বলেছেন, দেশে আজ মুখ চেয়ে রায় দেওয়া হয়।” “এখন আওয়ামী লীগের জন্য এক বিচার, অন্যদের জন্য আরেক বিচার,” বলেন তিনি। দেশে একদলীয় শাসন চলছে দাবি করে খালেদা বলেন, “দেশে এখন বাকশাল চলছে। গণতন্ত্র এখন বন্দি, এক জনের শাসন চলছে। এই গণতন্ত্র উদ্ধার করতে হবে।” সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা মুখ খুলুন, নইলে পরে জনরোষে পড়বেন। জনগণের হাতে লাঞ্ছিত হবেন।” আইএসআইয়ের কাছ থেকে অর্থ নিয়ে নির্বাচন করার সরকারি দলের নেতাদের বক্তব্যের জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, “আমাদের বিদেশি টাকার প্রয়োজন হয় না। আমাদের জনগণ রয়েছে।” উল্টো আওয়ামী লীগই বিদেশি অর্থে নির্বাচন করেছিল বলে দাবি করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংযমী হওয়ার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, “এমন কিছু বলবেন না, যাতে দেশের মানুষ লজ্জা পায়। প্রধানমন্ত্রীর পদের একটি মহিমা আছে, তা নষ্ট করবেন না।” মহাসমাবেশে পদে পদে বাধা দেওয়া হয়েছে দাবি করে বিএনপি চেয়ারপারসন বলেন, “সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাই তাদের এত ভয়। সরকার এখন আতঙ্কে ভুগছে। তাদের ভয় এখন জনগণকে। এতই যদি ভাল কাজ করেন, উন্নয়ন করেন, তবে কেন এত ভয়?” বক্তব্যের শুরুতেই খালেদা বলেন, “এই মহাসমাবেশে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে। তিন দিন ধরে ঢাকা অবরুদ্ধ করে রাখা হয়েছে। ব্যাপক বাধা উপেক্ষা করে তারপরও আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এ জন্য ধন্যবাদ। বাধা দিয়েও জনস্রোত ঠেকানো যায়নি।” “সরকার যদি এতই জনপ্রিয়, তবে কেন তাদের এত ভয়,” সমাবেশে বাধার প্রতিক্রিয়ায় বলেন তিনি। বর্তমান সরকার একদলীয় বাকশালের পথে এগিয়ে যাচ্ছে দাবি করে খালেদা বলেন, “এই সরকার অন্ধ, বধির, চোখে দেখে না, কানে শোনে না। আমরা বলতে চাই সমাবেশ-সভা-মিছিল মানুষের গণতান্ত্রিক অধিকার। এতে বাধা দেওয়া বাংলার জনগণ মেনে নেবে না।” মহাসমাবেশের আগে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে অন্তরীণ সবার মুক্তি দাবি করেন তিনি। “এই সরকার জনগণের সরকার নয়, মইনুদ্দিন-ফখরুদ্দীনের সরকার,” বলেন তিনি। দুপুর দেড়টার দিকে শুরু হওয়া এই জনসভায় এর আগে বিএনপি ও সমমনা দলগুলোর নেতারা বক্তব্য দেন। সাদেক হোসেন খোকার সভাপতিত্বে শুরু হওয়া এই সমাবেশে বেলা আড়াইটায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭৩০ ঘ.