২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কষ্ট করে এসে শুনতে পারছি না কিছুই’

পুলিশের শর্ত মানতে গিয়ে ‘পর্যাপ্ত’ মাইকের ব্যবস্থা না করায় বিএনপির মহাসমাবেশের বক্তব্য শুনতে পারছে না ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় এলাকার বাইরের লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 09:07 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের শর্ত মানতে গিয়ে ‘পর্যাপ্ত’ মাইকের ব্যবস্থা না করায় বিএনপির মহাসমাবেশের বক্তব্য শুনতে পারছে না ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় এলাকার বাইরের লোকজন। সোমবার দেড়টায় মহাসমাবেশ শুরু হলেও বক্তব্য শুনতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন মহাসমাবেশে আসা চার দলের সমর্থকেরা। পুলিশ রোববার মহাসমাবেশের অনুমতি দেওয়ার সময় যে ১১টি শর্ত দেয়, তার মধ্যে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে পূর্ব দিকে ফকিরাপুল ও পশ্চিম দিকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত মাইক ব্যবহার করার কথা ছিল। রাজমনি ঈশা খাঁ হোটেলের সামনে মিজানুর নামের এক বিএনপি কর্মী ক্ষোভের সঙ্গে বলেন, অনেক কষ্ট করে সমাবেশে এসে কিছুই শুনতে পারছি না। ঢাকা উত্তর বিএনপির কর্মী নাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আওয়ামী লীগের কর্মীদের বাধা এড়াতে মিরপুর থেকে ছোট ছোট দলে ভাগ হয়ে সমাবেশস্থলে এসেছেন তারা। “আমরা তিন বা চার জনের দলে ভাগ হয়ে অটোরিকশা নিয়ে এসেছি।” সমাবেশ শুরু হওয়ার ঘণ্টাখানেক আগেই জনসমাগম পুলিশের নির্ধারণ করে দেওয়া এলাকা ছাড়িয়ে যায়। রাস্তায় বসেছে খাবার হোটেল বিএনপির মহাসমাবেশ উপলক্ষে নয়াপল্টনসহ আশেপাশের এলাকার খাবার হোটেলগুলো সোমবার সকাল থেকেই বন্ধ রয়েছে। তবে রাস্তায় ভ্যানে করে খাবার বিক্রি করছেন কেউ কেউ। রাস্তায় বসে তা খাচ্ছেন সমাবেশে আসা লোকজন। বেলা দেড়টার দিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনের সামনে একটি ভ্যান থেকে বড় বড় পাতিলে রাখা ভুনা খিচুড়ি আর তেহারি বিক্রি করতে দেখা গেল কয়েক জনকে। হাফ প্লেট একশ টাকা ও ফুল প্লেট দুইশ টাকা দরে বিক্রি করছেন এই দোকানি। বিএনপির মূল সভামঞ্চ থেকে কয়েকশ গজ দুরে বেশ আরো কয়েকজন ভ্যানে করে রান্না করা খাবার বিক্রি করছেন। ভাতের সঙ্গে গরুর মাংসের বাটি দুইশ টাকা করে বিক্রি করেছেন পুরান ঢাকার রেস্তোরাঁ ব্যবসায়ী ফরহাদ। অনেকে আবার সঙ্গে করে নিয়ে আসা শুকনা খাবার ভাগাভাগি করে খেয়ে নিচ্ছেন। বেলা ১টার পর থেকে চানাচুর-মুড়ি কিনে রাস্তার উপর সংবাদপত্র বিছিয়ে খাওয়ার আয়োজন করতে দেখা গেছে অনেককেই। এছাড়া চানাচুর, মুড়ি, বুট, শসা, আইসক্রিম ও বিভিন্ন ধরনের পানীয় বিক্রি হচ্ছে। ধানের শীষের বিক্রি ভালো প্লাস্টিক দিয়ে বানানো বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ সমাবেশেস্থলে দেদারসে বিক্রি হচ্ছে। বিক্রেতা শরিফুল জানান, প্রতিটি ধানের শীষ একশ টাকা করে বিক্রি করছেন তিনি। সকাল থেকে আড়াইশ’ ধানের শীষ বিক্রি করেছেন এই ক্ষুদে বিক্রেতা। টাঙ্গাইল থেকে আসা মোশাররফ হোসেন বলেন, “হাতে ধানের শীষ থাকলে মনে অন্য রকম অনুপ্রেরণা পাই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৫০০ ঘ.