২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশে যাননি বি চৌধুরী

নয়া পল্টনের মহাসমাবেশে অলি আহমদসহ বিএনপির সমমনা দলগুলোর অনেক নেতাকে দেখা গেলেও যাননি বিকল্পধারা সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, তবে প্রতিনিধি পাঠিয়েছেন তিনি। এই সমাবেশে জোটের পরিসর বাড়ানোর ঘোষণা আসার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 08:38 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেতা-কর্মী-সমর্থকদের করতালি ও হর্ষধ্বনির মধ্যে নয়া পল্টনে মহাসমাবেশ মঞ্চে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, যে সমাবেশ থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে তার। রাজধানীর বিভিন্ন স্থানে বাধার পরও বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থকের উপস্থিতিতে দুপুর দেড়টার দিকে বিএনপির মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশের কার্যক্রম শুরু হয়। খালেদা জিয়া মহাসমাবেশস্থলে পৌঁছান বেলা আড়াইটায়। খালেদা জিয়ার সাদা পাজেরো গাড়িটি সমাবেশ মঞ্চের পাশে নিয়ে আসতে বেশ বেগ পেতে হয় নিরাপত্তাকর্মীদের। অফ হোয়াইট রংয়ের শাড়ি পড়া খালেদা জিয়া মঞ্চে উঠে হাত নেড়ে সমবেতদের অভিবাদনের জবাব দেন। মঞ্চে খালেদা জিয়া বসেছেন মাঝখানে। তার এক পাশে বসেছেন বিএনপি নেতারা, অন্য পাশে ১৬ দলের শীর্ষ নেতারা বসেছেন। সমাবেশ মঞ্চের পেছনের ব্যানারে খালেদা জিয়ার বিশাল প্রতিকৃতি স্থান পেয়েছে। তার পাশেই শোভা পাচ্ছে জিয়াউর রহমান ও তারেক রহমানের প্রতিকৃতি। মঞ্চে খালেদা জিয়ার সঙ্গে আছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ, নায়েবে আমির আবদুস সুবহান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদ, খেলাফত মজলিশের চেয়ারম্যান মুহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জমিয়াতে উলামা ইসলামীর মহাসচিব মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) সভাপতি খন্দকার গোলাম মূর্তজা, বাংলাদেশ ন্যাপ এর সভাপতি জেবেল রহমান গানি, মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খান, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন ও ন্যাপ ভাসানীর সভাপতি শেখ আনোয়ারুল হক। বিকল্পধারা এই সমাবেশে যোগ দেওয়ার ঘোষণা দিলেও দলটির সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে সমাবেশ মঞ্চে দেখা যায়নি। তবে তার প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা নুরুল আমিন বেপারী। বিকল্পধারা এক সময় ক্ষমতাসীন মহাজোটে থাকলেও এখন বিএনপির কাছাকাছি এসেছে। গত শনিবার এক সভায় বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব বি চৌধুরী ১২ মার্চের জনসভায় তার দলের যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান সমাবেশ মঞ্চে রয়েছেন। পুলিশ সমাবেশের জন্য ফকিরাপুল থেকে পশ্চিম দিকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত এলাকা নির্ধারণ করে দিলেও বেলা ১২টার দিকেই জনসমাবেশ মতিঝিল এজিবি কলোনি ও পশ্চিমে কাকরাইল মোড় পর্যন্ত এলাকা ছাড়িয়ে যায়। কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরুর পর অনুষ্ঠানে বাজানোর হয় ‘ঢাকা চলো’ কর্মসূচির থিম সং। সমাবেশ শুরুর পর বিরোধী দলীয় প্রধান হুইপ ও বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুকের পরিচালনায় দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অনুষ্ঠানে সূচনা প্রথম বক্তব্য রাখেন। আমাদের প্রতিবেদক সুমন মাহমুদ, লিটন হায়দার, সুমন মাহবুব, মঈনুল হক চৌধুরী, আবু সুফিয়ান, মহসীনুল করিম লেবু, রিয়াজুল বাশার, নুরুল ইসলাম হাসিব, শামীম আহমেদ, সায়েদুল ইসলাম তালাত, আমিনূর রহমান রাসেল, কামাল হোসেন তালুকদার, শহীদুল ইসলাম, আশিক হোসেন ও ফারহান ফেরদৌস সভাস্থল থেকে নিয়মিত মাহসমাবেশের খবর দিচ্ছেন। কারওয়ান বাজার, মগবাজার, বাবুবাজার, মতিঝিল, রমনা, এলিফেন্ট রোডসহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে সমাবেশস্থলে আসার পথে পুলিশের বাধা ও ছাত্রলীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষের পরও বিপুল লোক সমাগম হয়েছে এ জনসভায়। নয়া পল্টন থেকে বিজয়নগরের নাইটেঙ্গল মোড় পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক সাজানো হযেছে ফেস্টুন, প্ল্যাকার্ড ও ডিজিটাল ব্যানার দিয়ে। ‘ঢাকা চলো’ শ্লোগান লেখা বড় বড় বেলুন উড়ানো হয়েছে। মঞ্চের ব্যানারে লেখা আছে- ‘নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও অযোগ্য-তাঁবেদার সরকারের পদত্যাগের দাবিতে চারদলীয় জোট ও সমমনা দলের উদ্যোগে মহাসমাবেশ’। জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিও রয়েছে ব্যানারে। মূল মঞ্চের চারপাশে দলীয়ভাবে নিরাপত্তর ব্যবস্থা করা হয়েছে। দলের নির্বাহী কমিটির সদস্যদের জন্য মঞ্চের নিচে পশ্চিম দিকে আলাদাভাবে বসার স্থান সংরক্ষিত রাখা আছে। সমাবেশের শান্তি রক্ষার জন্য ১০ হাজার জনের একটি স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল ও উলামা দলের নেতা-কর্মীদের নিয়ে এই দল গঠন করা হয়। তাদের নির্দিষ্টভাবে বিভিন্ন স্থানে নিরাপত্তা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সদস্যরা হলুদ ও সবুজ গেঞ্জী ও লাল টুপি মাথায় দিয়ে দায়িত্ব পালন করছেন। বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব চিকিৎসা শিবির স্থাপন করেছে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে। মহানগর পুলিশের বেঁধে দেওয়া সীমানা ফকিরাপুল ও নাইটিঙ্গেল মোড়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছে। সেখানে একটি ডিজিটাল পর্দার আশেপাশে মানুষ কয়েকশ মানুষ সমবেত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/আরবি/জেকে/১৪৪০ ঘ. এ সম্পর্কিত আরো খবর ঙ্খণ্ডচিত্রে ‘ঢাকা চলো’