ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাসমাবেশকে কেন্দ্র করে মানুষের ভোগান্তির জন্য বিরোধীদলকে দায়ী করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিরোধীদল ধারাবাহিকভাবে নানা কর্মসূচি দিয়ে ভাংচুর, অগ্নিসংযোগ করেছে। এসব পরিস্থিতির জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর আস্থার জায়গা তারা (বিরোধীদল) নষ্ট করে ফেলেছে।”
মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা হবে-পত্রিকার এমন খবরের উদ্ধৃতি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন স্থান থেকে অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষের জান-মালের নিরাপত্তা বিধানে কাজ করে যাচ্ছে বলে জানান টুকু।
বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে বলেই তাদের অনুমতি দেওয়া হয়েছে উল্লেখ করে টুকু বলেন, সমাবেশ শান্তিপূর্ণ করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী খুব সতর্কভাবে কাজ করে যাচ্ছে।
চারদলীয় ঐক্যজোট যুদ্ধাপরাধী এবং মানবতাবিরোধীদের রক্ষা করার জন্যই এ মহাসমাবেশ করছে দাবি করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “সাকা, মুজাহিদ, গোলাম আজমকে মুক্ত করতেই তারা এ সমাবেশ করছে।”
“বিএনপি বিরোধীদলে এলে বা ক্ষমতায় থাকলেও সবাই আতঙ্কে থাকে, তাই সেই নেতৃত্বে কর্মসূচি দিলে মানুষ আতঙ্কের মধ্যে বাস করে”, বলেন টুকু।
অপর এক প্রশ্নের জবাবে টুকু বলেন “আমি মনে করি না রাজনীতি সংঘাতের দিকে যাচ্ছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/১৪১১ ঘ.
bdnews24