২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমরা সাকসেস, বিএনপি সাকসেস’

বগুড়া থেকে আসা শফিউর রহমান ক্ষোভের সঙ্গে বলেন, “রাস্তায় আমাদের চার্চ করিচে পুলিশ। বলিচে কুনে যাচ্ছে। অন্য কথা বলে চলে এসেছু।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 07:50 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মহাসমাবেশে ঢাকার বাইরে থেকে আসা নেতা-কর্মীদের অনেকে মনে করছে, সরকারের ‘বাধা’ সত্ত্বেও ‘ব্যাপক জনসমাগম’-ই প্রমাণ করছে মহাসমাবেশ সফল হয়েছে। একই সঙ্গে তারা বলেছেন, ঢাকা আসার ভোগান্তি এবং পথে পথে পুলিশি হয়রানির কথাও। সোমবার সকাল থেকেই বাদকদল, ঘোড়ার গাড়ি, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে নয়াপল্টনে হাজির হতে থাকে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মী ও সমর্থকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসমাবেশের জন্য পুলিশ নির্ধারিত স্থান পেরিয়ে যায় জনসমাগম। দেশের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন। নওগাঁ থেকে আসা শবনাম মুস্তারি কুলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১০ মার্চ ঢাকা এসেছেন তিনিসহ ৩৫/৩৬ জন নারী। হোটেলে জায়গা না পাওয়ায় সবাই ঢাকার আত্মীয়ের বাড়িতে ছিলেন। মহাসমাবেশের প্রসঙ্গ তুলেই নিজের আঞ্চলিক ভাষায় তিনি বলেন, “আমরা সাকসেস, বিএনপি সাকসেস।” মহাসমাবেশের পরেই সরকার নিপাত যাবে বলে মনে করেন তিনি। বগুড়া থেকে আসা শফিউর রহমান ক্ষোভের সঙ্গে বলেন, “রাস্তায় আমাদের চার্চ করিচে পুলিশ। বলিচে কুনে যাচ্ছে। অন্য কথা বলে চলে এসেছু।” রোববার রাত ৩টায় কমলাপুর রেলস্টেশনে নেমে সেখানেই বাকী রাত কাটিয়েছেন বলে জানান তিনি। স্থানীয় বিএনপি নেতা জহিরুলের নেতৃত্বে তারা ঢাকা এসেছেন বলে জানান। গাজীপুর চৌরাস্তা থেকে আসা জামায়াত কর্মী আসলাম-উদ-দৌল্লা মনে করেন, “সরকারের পায়ের তলায় মাটি নেই। তারা তা বুঝতেও পেরেছে।” বেলা ১২টার দিকে রাজমনি ঈশাখাঁ হোটেলের সামনে বসে শুকনা চিড়া আর গুড় খাচ্ছিলেন কয়েক জন যুবক। তাদেরই একজন শরিফুল ইসলাম নিজেকে দিনাজপুর জেলা ছাত্রদলের কর্মী দাবি করে বলেন, “অনেক কষ্ট হলেও এতো লোক সমাগম দেখে ভালো লাগছে। “সরকারের হাজারো বাধা উপেক্ষা করে এতো মানুষের সমাগম প্রমাণ করে সরকারের অবস্থা ভালো না,” বলেন তিনি। পুটয়াখালীর সদর উপজেলা থেকে আসা আব্দুল খালেক জানান, রোববার বিকেলে রওনা দিয়ে সকালে ঢাকায় এসেছেন। রাতে ঢাকার জিনজিরায় আত্মীয়র বাসায় থেকে মঙ্গলবার ভোরে বাড়ি ফিরবেন। মহাসমাবেশে এসে কেমন লাগছে? জানতে চাইলে তিনি বলেন, “এত মানুষ দেখে মনে হচ্ছে সরকার আর টিকতে পারবে না। সরকার পড়ে যাবে।” কিছু জিনিস খারাপ লেগেছে উল্লেখ করে বরিশাল থেকে আসা হুমায়ুন কবীর ক্ষোভের সঙ্গে বলেন, “শনিবার বিকেলে সদরঘাটে নামার পরেই আওয়ামী লীগের গুন্ডারা মেরেছে। দুই দিন উত্তরায় এক আত্মীয়র বাড়িতে ছিলাম।” “বাধা পেরিয়ে সমাবেশে এসে ধন্য মনে করছি,” অনেকটা গর্বের সঙ্গে বলেন এই বিএনপির সমর্থক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জিএনএ/১৩৪৬ ঘ.