২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকার সভাপতিত্বে সমাবেশ শুরু

রাজধানীর বিভিন্ন স্থানে বাধার পরও বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থকের উপস্থিতিতে নয়া পল্টনে বিএনপির মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে মহাসমাবেশ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 07:56 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিভিন্ন স্থানে বাধার পরও বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থকের উপস্থিতিতে নয়া পল্টনে বিএনপির মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে মহাসমাবেশ শুরু হয়েছে। পুলিশ সমাবেশের জন্য ফকিরাপুল থেকে পশ্চিম দিকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত এলাকা নির্ধারণ করে দিলেও বেলা ১২টার দিকেই জনসমাবেশ মতিঝিল এজিবি কলোনি ও পশ্চিমে কাকরাইল মোড় পর্যন্ত এলাকা ছাড়িয়ে যায়। দুপুর দেড়টায় কোরআন তেলায়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিকাল সাড়ে ৩টার মধ্যে সমাবেশস্থলে পৌঁছানোর কথা রয়েছে। আমাদের প্রতিবেদক সুমন মাহমুদ, লিটন হায়দার, সুমন মাহবুব, মঈনুল হক চৌধুরী, আবু সুফিয়ান, মহসীনুল করিম লেবু, রিয়াজুল বাশার, নুরুল ইসলাম হাসিব, শামীম আহমেদ, সায়েদুল ইসলাম তালাত, আমিনূর রহমান রাসেল, কামাল হোসেন তালুকদার, শহীদুল ইসলাম, আশিক হোসেন, ফারহান ফেরদৌস সভাস্থল থেকে নিয়মিত মাহসমাবেশের খবর দিচ্ছেন। বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকার সভাপতিত্বে মঞ্চে আছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, আবদুল মঈন খান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমেদ ও কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ সমমনা দলের শীর্ষ নেতৃবৃন্দ। বিরোধী দলীয় প্রধান হুইপ ও বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুকের পরিচালনায় দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অনুষ্ঠানে সূচনা প্রথম বক্তব্য রাখেন। কারওয়ান বাজার, মগবাজার, বাবুবাজার, মতিঝিল, রমনা, এলিফেন্ট রোডসহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে সমাবেশস্থলে আসার পথে পুলিশের বাধা ও ছাত্রলীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষের পরও বিপুল লোক সমাগম হয়েছে জনসভায়। নয়া পল্টন থেকে বিজয়নগরের নাইটেঙ্গল মোড় পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক সাজানো হযেছে ফেস্টুন, প্ল্যাকার্ড ও ডিজিটাল ব্যানার দিয়ে। ‘ঢাকা চলো’ শ্লোগান লেখা বড় বড় বেলুন উড়ানো হয়েছে। মঞ্চের ব্যানারে লেখা আছে- ‘নিদর্লীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুর্নবহাল ও অযোগ্য-তাবেদার সরকারের পদত্যাগের দাবিতে চার দলীয় জোট ও সমমনা দলের উদ্যোগে মহাসমাবেশ।’ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিও রয়েছে ব্যানারে। মূল মঞ্চের চারপাশে দলীয়ভাবে নিরাপত্তর ব্যবস্থা করা হয়েছে। দলের নির্বাহী কমিটির সদস্যদের জন্য মঞ্চের নিচে পশ্চিম দিকে আলাদাভাবে বসার স্থান সংরক্ষিত রাখা আছে। সমাবেশের শান্তি রক্ষার জন্য ১০ হাজার জনের একটি স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল ও উলামা দলের নেতা-কর্মীদের নিয়ে এই দল গঠন করা হয়। তাদের নির্দিষ্টভাবে বিভিন্ন স্থানে নিরাপত্তা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সদস্যরা হলুদ ও সবুজ গেঞ্জী ও লাল টুপি মাথায় দিয়ে দায়িত্ব পালন করছেন। বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব চিকিৎসা শিবির স্থাপন করেছে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে। মহানগর পুলিশের বেঁধে দেওয়া সীমানা ফকিরেরপুল ও নাইটিঙ্গল মোড়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছে। সেখানে একটি ডিজিটাল পর্দার আশেপাশে মানুষ কয়েকশ মানুষ সমবেত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/আরবি/জেকে/১২১৩ ঘ.