ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশের দেড় ঘণ্টা আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে এবং এলিফ্যান্ট রোডে ছাত্রদল ও ছাত্রলীগকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় তিনটি গুলির শব্দও শোনা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলকর্মীরা ১২টার দিকে মিছিল নিয়ে নয়া পল্টনে সমাবেশস্থলের দিকে যাওয়ার সময় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ছাত্রলীগের একটি মিছিল থেকে তাদের ধাওয়া করা হয়।
এছাড়া মহাসমাবেশের প্রচারে টাঙানো পোস্টার, ফেস্টুন, ব্যানারও ছিঁড়ে ফেলে ছাত্রলীগকর্মীরা।
ঘটনাস্থলে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যেই তিনটি গুলির শব্দ শোনা যায়। তবে কারা গুলি ছুড়েছে, তা বোঝা যায়নি।
ওই এলাকায় দায়িত্বরত পুলিশ সার্জেন্ট তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটবকমকে বলেন, “আমাদের কেউ গুলি ছোড়েনি।”
এই ঘটনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের যেসব নেতাকর্মী হলের বাইরে থাকে, তারা ক্যাম্পাসে আসতে চাইলে ছাত্রদলের কিছু নেতাকর্মী তাদের জিম্মি করে। আমরা তাদেরকে উদ্ধারের জন্য গিয়েছিলাম।”
ছাত্রদলকর্মীরাই এ সময় ফাঁকা গুলি ছোড়ে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে একই সময়ে ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে বাটা সিগন্যাল পর্যন্ত এলাকায় মিছিল করে এবং বিএনপির ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে।
ছাত্রদলের একটি মিছিল ওই সময়ে বাটা সিগন্যাল দিয়ে নয়া পল্টনের দিকে যাওয়ার সময় ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া করে। ওই সময় ছাত্রলীগকর্মীদের হাতে হকিস্টিক, দা ও লাঠিসোঁটা দেখা যায়।
আওয়ামী লীগ ও ছাত্রলীগকর্মীরা রাস্তা থেকে সাধারণ মানুষকেও সরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এলএইচ/এনআইএইচ/কিউএইচ/জেকে/১৩০৫ ঘ.
bdnews24