ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির নেতৃত্বে ১৬ দল নিয়ে ‘সম্মিলিত গণতান্ত্রিক জোট’ নামে নতুন রাজনৈতিক জোট গঠনের সিদ্ধান্ত হয়েছে।
সোমবার বিএনপির মহাসমাবেশে খালেদা জিয়া এর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। রোববার রাতে খালেদার গুলশান কার্যালয়ে ১৬ দলের শীর্ষ নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
রাত ৯টায় শুরু হওয়া ২০ মিনিটের এক বৈঠকের পর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মওলানা আবদুস সুবহান সাংবাদিকদের এ কথা জানান।
বৈঠকে অংশ নেওয়া লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, “১৬ দলের জোট স¤প্রসারণ হয়েছে। এর ঘোষণাপত্র পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।”
চারদলীয় ঐক্যজোটের শরিকদের সঙ্গে নতুন জোটে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, কল্যাণ পার্টিসহ সমমনা ১০ দল রয়েছে।
দলগুলো হলো- বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিশ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জমিয়াতে উলামা ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), কল্যাণ পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), বাংলাদেশ ন্যাপ, মুসলিম লীগ, ইসলামিক পার্টি ও ন্যাপ ভাসানী।
১৯৯৯ সালের ৩০ নভেম্বর তৎকালীন আওয়ামী লীগের ‘ঐক্যমতের সরকারের’ বিরুদ্ধে আন্দোলন জোরদারের লক্ষ্যে বিএনপির নেতৃত্বে চার দলীয় জোট গঠনের ঘোষণাপত্র প্রকাশ করা হয়। ওই ঘোষণাপত্রে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া, জামায়াতে ইসলামীর তৎকালীন আমীর গোলাম আজম, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক স্বাক্ষর করেন।
ঘোষণাপত্রে স্বাক্ষরকারীরা হলেন- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মওলানা আবদুস সুবহান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের চেয়ারম্যান মুহাম্মদ ইসহাক, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল অলি আহমেদ, জমিয়াতে উলামা ইসলামীর মহাসচিব মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) সভাপতি খন্দকার গোলাম মূর্তজা, বাংলাদেশ ন্যাপের সভাপতি জেবেল রহমান গনি, মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খাঁন, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন, ন্যাপ ভাসানীর সভাপতি শেখ আনোয়ারুল হক ।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২১২ ঘ.
bdnews24