ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শর্ত সাপেক্ষে অনুমতি পাওয়ার পর মহাসমাবেশের সীমানা বাড়াতে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছে বিএনপি।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই চিঠি দেওয়া হয়।
নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে তিনি সাংবাদিকদের বলেন, “মহানগর পুলিশ যে অনুমতি দিয়েছে, তাতে মহাসমাবেশের সীমানা নির্ধারণ করে দিয়েছে ফকিরেরপুল থেকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় পর্যন্ত।”
“আমরা এই সীমানা মতিঝিলে শাপলা চত্বর, শান্তিনগর মোড় ও পল্টনের তোপখানা সড়ক পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়ে এই চিঠি দিয়েছি।”
‘নির্দলীয় নিরপেক্ষ’ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন করার দাবিতে সোমবার বিএনপি এ মহাসমাবেশ করছে যার লিখিত অনুমতি তারা রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় পায় শর্তসাপেক্ষে।
মহাসমাবেশে ব্যাপক মানুষের উপস্থিতির জন্য এতো সীমিত জায়গায় মানুষজনের দুর্ভোগ হবে বলে উল্লেখ করে রিজভী বলেন, সেজন্য একটি শান্তিপূর্ণ সমাবেশ করতে ডিএমপি’র নির্ধারিত সীমানা বাড়াতে তারা আবেদন করেছেন।
অন্যান্য শর্ত সম্পর্কে জানতে চাইলে রুহুর কবির বলেন, “বেশ কিছু শর্ত আছে। এ বিষয়ে আমরা এখন কথা বলতে চাই না।”
গত ৩ মার্চ ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করার পর বিএনপি নেতারা বলেছিলেন তারা মহাসমাবেশের অনুমতি পেয়েছেন।
তবে কর্মসূচির দুদিন আগে ডিএমপি বলে, বিএনপিকে অনুমতি দেওয়া হয়নি।
এ অবস্থায় রোববার সকালে বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি কর্মকর্তাদের সঙ্গে দেখা করে। এরপর দলটির পক্ষ থেকে বলা হয় অনুমিত বিষয়ে পুলিশ দুপুর ২টায় জানাবে।
পরে সন্ধ্যায় কয়েকটি শর্তসাপেক্ষে সমাবেশ করার অনুমিত পায় বিএনপি, যার মধ্যে সমাবেশের সীমানা বেঁধে দেওয়ার শর্তও রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০১১ ঘ.
bdnews24