২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির মহাসমাবেশ মঞ্চ তৈরি শুরু

‘টানাহেঁচড়া’ করে অনুমতি পাওয়ার পর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের মঞ্চ তৈরি শুরু করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 01:42 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘টানাহেঁচড়া’ করে অনুমতি পাওয়ার পর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের মঞ্চ তৈরি শুরু করেছে বিএনপি। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কার্যালয়ের সামনের সড়কের পাশে মঞ্চ নির্মাণ সামগ্রীর কাছে এসে কারিগরদের দ্রুত কাজ শুরু করতে বলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সাংবাদিকদের বলেন, “আমরা মহানগর পুলিশের অনুমতি পেয়েছি। অনেক টানাহেঁচড়ার পর এই অনুমতি পাওয়া গেল। এখনই মঞ্চ নির্মাণের কাজ শুরু হবে।” উপস্থিত নেতা-কর্মীদের মঞ্চ নির্মাণের জায়গাটি খালি করে দেওয়ার অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, “দ্রুত মঞ্চ নির্মাণ শেষ করতে হবে।” বিএনপিকে শর্তসাপেক্ষে মহসমাবেশের অনুমতি দেওয়া হয়েছে- এ বিষয়ে প্র্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, “এ বিষয়ে এখন আর কথা বলতে চাই না।’’ শুক্রবার থেকে মঞ্চ তৈরির সামগ্রী নয়া পল্টনের কার্যালয়ে ভিআইপি টাওয়ারের কাছে রাখা হয়। এরপর থেকে মালামাল পল্টন থানা পুলিশ ঘিরে রাখে। সন্ধ্যা ৬টার দিকে মালামাল পাহারা থেকে পুলিশ তুলে নেওয়া হয়। মহাসমাবেশ করতে পুলিশ অনুমতি দিয়েছে- ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে দেখা করে বিএনপি নেতারা এ কথা বলার এক সপ্তাহের মাথায় (শনিবার) ডিএমপি জানায়, বিএনপিকে অনুমতি দেওয়া হয়নি। এরপর রোববার বিকালে দলের মুখপাত্র মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “সমাবেশের অনুমতি পেয়েছি।” মির্জা ফখরুল বলেন, “সোমবার দুপুর ২টায় মহাসমাবেশের কার্যক্রম শুরু হবে। দেশনেত্রী খালেদা জিয়া এই মহাসমাবেশে ভাষণ দেবেন।” “তিনি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করবেন।” ‘নির্দলীয় নিরপেক্ষ’ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন করার দাবিতে এ সমাবেশ করছে বিএনপি। গতবছর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংবিধানিকভাবে বাতিল হওয়ার পর থেকে এ ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে আসা বিএনপি স¤প্রতি ‘নির্দলীয় নিরপেক্ষ’ সরকারের দাবি তুলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৪০ ঘ.