ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ আইন লঙ্ঘন করে কক্সবাজারের সমুদ্র সৈকতে স্থাপনা নির্মাণের অভিযোগে আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেয়েছেন অলি আহমেদ।
মঙ্গলবার সকালে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে তিনি হাজির হলে শুনানি শেষে আদালত তাকে অব্যাহতি দেয়।
একইসঙ্গে সৈকত এলাকায় সরকার জমি ইজারা দিতে পারে কি-না তা খতিয়ে দেখতে একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দিয়েছে আদালত।
গত ২২ ফেব্রুয়ারি ইংরেজি দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত একটি খবরের প্রেক্ষিতে দেওয়া স্বতপ্রণোদিত আদেশে আদালত ২৮ ফেব্রুয়ারি ব্যাখ্যা দিতে সশরীরে আদালতে হাজির হওয়ার আদেশ দেয়।
তবে অলি বিদেশে রয়েছেন উল্লেখ করে ওই দিন অলির আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সময় প্রার্থনা করলে আদালত ৭ মার্চ হাজিরার দিন পুনর্র্নিধারণ করে। ওই দিন হাই কোর্টের এই দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি অসুস্থ থাকায় শুনানি হয়নি। পরে মঙ্গলবার সকালে আদালতে হাজির হন অলি।
সাধারণত বিচারাধীন কোনো মামলায় একবার কাউকে আদালত তলব করলে ওই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানিতে সেই ব্যক্তিকে হাজিরা দিতে হয়।
জমি ইজারার এখতিয়ার খতিয়ে দেখতে যে কমিটি করতে বলা হয়েছে তাতে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, ভূমি সচিব, পরিবেশ ও বন সচিব, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে রাখতে বলা হয়েছে।
কমিটিকে আগামী ৩০ জুন আদালতে প্রতিবেদন দিতে হবে।
এছাড়া সৈকত এলাকায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান অলিসহ পাঁচ জনকে দেওয়া ইজারা কেন অবৈধ ঘোষণা করা হবে না, নতুন এক রুলে তা জানতে চেয়েছে হাই কোর্ট।
দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, ভূমি সচিব, পরিবেশ ও বন সচিব, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে অলি আহমেদের পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। এছাড়াও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির আইনজীবী অ্যাডভোকেট ইকবাল কবির লিটন এবং ইংরেজি দৈনিক ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আশুতোষ সরকারও শুনানিতে অংশ নেন।
‘টাকা ফেরত দিলে জমি ফেরত দেব’
আদালতে অলি আহমেদ বলেন, “আমি জমি দখল করিনি। ২০০২ সালে সরকার আমাকে পাঁচ কাঠা জমি বরাদ্দ দিয়েছে। তবে পয়সা ছিল না বলে সেখানে ২৫০০ বর্গফুটের ঘর তৈরি করতে পারি নাই। ওটা নামে ক্যাসল, কাজে ক্যাসল নয়।”
“সেখানে শুধু আমি নই, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানসহ মোট পাঁচ জনকে জমি ইজারা দেওয়া হয়েছে।”
আদালতের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এই বয়সে দেশের ক্ষতি করে কিছু করতে চাই না। এটা ইজারা নিতে আমার টাকা খরচ করেছি। সেই টাকা ফিরত দিলে আমি জমি ফিরত দিয়ে দেব।”
“আমি আপনার কাছে বিচারপ্রার্থী। যেন আমার টাকা ফিরত পাই।”
ইংরেজি দৈনিক ডেইলি স্টারে ‘অলিস ক্যাসল অন বিচ’ শিরোনামে গত ২২ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ও সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পরিবেশ আইন লঙ্ঘন করে কক্সবাজার সমুদ্র সৈকতে ঝাউবনের মধ্যে চার তলা একটি স্থাপনা নির্মাণ করছেন।
ওই স্থানটি পরিবেশগত বিপন্ন এলাকার মধ্যে পড়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (২০১০ সালে সংশোধিত) অনুযায়ী ওই এলাকায় সব ধরনের স্থাপনা নির্মাণ নিষিদ্ধ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৭৫১ ঘ.
bdnews24