ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া পল্টনে সোমবারের মহাসমাবেশের জন্য পুলিশের অনুমতি পাওয়ার দাবি করেছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি রোববার বিকালে সাংবাদিকদের বলেন, “সমাবেশের অনুমতি পেয়েছি। একটু পরই আমরা মঞ্চ তৈরির কাজ শুরু করব।”
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, মহাসমাবেশের সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, “মহানগর পুলিশ যে অনুমতি দিয়েছে, তাতে মহাসমাবেশের সীমানা নির্ধারণ করে দিয়েছে ফকিরেরপুল থেকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় পর্যন্ত।”
অনুমতি পাওয়ার পর রোববার সন্ধ্যায় দ্রুত মঞ্চ তৈরির কাজ শুরু করতে কারিগররদের নির্দেশ দেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল।
সমাবেশের আগের দিন সকাল পর্যন্তও আনুষ্ঠানিক অনুমতির না পাওয়ায় ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন বিএনপির পাঁচ নেতা।
এরপর বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক দুপুরে সাংবাদিকদের বলেন, “তারা (পুলিশ) জানিয়েছেন, দুপুর ২টায় এই বিষয়ে জানাবেন তারা।”
বিকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অনুমতি পাওয়ার কথা জানালেও এই বিষয়ে মহানগর পুলিশের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সোমবার কার্যালয়ের সামনেই বিরোধী দলের মহাসমাবেশ হবে, যাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতারা বক্তব্য রাখবেন।
পুলিশের বাধার কারণে সোমবার দুপুর পর্যন্ত মঞ্চ নির্মাণের কাজ শুরু করতে পারছিল না বিএনপি; যদিও মঞ্চ নির্মাণের কারিগররা বাঁশ, কাঠ ইত্যাদি নিয়ে শনিবার রাত থেকেই বসে ছিলেন।
সকাল ১০টায় দলীয় কার্যালয়ের সামনে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, “সব প্রস্তুতি নিয়ে আমরা বসে আছি। পুলিশ কাজ করতে দিচ্ছে না। তারা বলছে, লিখিত অনুমতি লাগবে। এদিকে মহানগর পুলিশ বলছে, মঞ্চ নির্মাণের অনুমতি দেওয়া হচ্ছে।”
বিএনপির এই সমাবেশ থেকে নাশকতার আশঙ্কা প্রকাশ করে আসছেন সরকারি দলের নেতারা। বিএনপি বলছে, সমাবেশের অনুমতি দেওয়াসহ জনসমাগমেও বাধা দিচ্ছে সরকার।
সকাল থেকে বিএনপির কার্যালয়ের দুই পাশে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ সদস্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বেষ্টনী তৈরি করেছেন।
পল্টনের আনন্দ কমিউনিটি সেন্টার কাছে বসানো হয়েছে পুলিশ চেক পোস্ট। সেখানে গাড়িতে তল্লাশি চলছে। ফকিরাপুলের কাছেও একই ধরনের চেক পোস্ট বসানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/পিডি/১৯৫৩ ঘ.
bdnews24