২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের পক্ষে সাহারার সাফাই

বিএনপির মহাসমাবেশ নিয়ে জনগণের মধ্যে আতঙ্ক রয়েছে- এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, এ কারণে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 11:08 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মহাসমাবেশ নিয়ে জনগণের মধ্যে আতঙ্ক রয়েছে- এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, এ কারণে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। সাহারা খাতুন রোববার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, “১২ মার্চের কর্মসূচি নিয়ে সরকার আতঙ্কে নেই তবে আতঙ্কে রয়েছে জনগণ।” যেকোন কর্মসূচি পালন করা যেকোন দলের গণতান্ত্রিক অধিকার উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপি যেভাবে বক্তব্য দিচ্ছে তাতে জনগণ শঙ্কিত। তিনি বলেন, “জনগণকে আশ্বস্ত করা সরকারের দায়িত্ব, এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।” বিএনপির প্রধান মিত্র জামায়াতে ইসলামী সোমবার নাশকতার ষড়যন্ত্র করছে-এমন অভিযোগ করে সাহারা একটি জাতীয় বাংলা দৈনিকের (যুগান্তর) প্রতিবেদন দেখান সাংবাদিকদের। প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “বিএনপি জামায়াতকে নাশকতা না করার জন্য সতর্ক করে দিয়েছে। ১২ মার্চ ঘিরে যে নাশকতা হতে পারে তা তাদের কথাতেই প্রমাণিত হয়েছে।” বিএনপি নেতারা হুমকি দিচ্ছেন জানিয়ে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা বলেন “সাদেক হোসেন খোকা বলেছেন ১২ মার্চ মন্ত্রী-এমপিরা বাইরে বের হলে জনরোষে পড়বেন, খালেদা জিয়াও বলেছেন, সরকারকে লুলা-ল্যাংড়া করে দিবেন। তাদের কাছে জানতে চাই তারা কিসের ভিত্তিতে এ কথা বলেছেন।” সরকার নানা ব্যবস্থা নিলেও ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ রাখতে সরকারের চাপ থাকার কথা অস্বীকার করেন তিনি। মন্ত্রী বলেন, বাস ও লঞ্চ চলাচলে সরকার কোন নিষেধাজ্ঞা জারি করেনি। এছাড়া সরকার নিষেধাজ্ঞা জারি করতেও পারে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যারা বন্ধ রেখেছেন তাদেরকে জিজ্ঞাসা করুন, তারা কেন বন্ধ রেখেছেন?” পুলিশের নির্দেশে বাস, লঞ্চ চলাচল ও রাজধানীর আবাসিক হোটেলগুলো বন্ধ রাখা হয়েছে কিনা জানতে চাইলে পুলিশমন্ত্রী বলেন, “পুলিশের পক্ষ থেকে এমন কিছু করা হয়েছে বলে আমি বিশ্বাস করি না।” তিনি বলেন, “হোটেল, বাস কিংবা লঞ্চ মালিকরা আমার কাছে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” ১২ মার্চকে কেন্দ্র করে কত জন গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, “এখন বলা যাবে না, হিসাব করে বলতে হবে।” সমাবেশের জন্য আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন “বিএনপি আমার কাছে অনুমতি চায়নি, এ বিষয়ে সংশ্লিষ্টরা ভেবে দেখবে।” সন্তুষ্ট স্বরাষ্ট্রমন্ত্রী আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি অবশ্যই সন্তুষ্ট।” দূতাবাস কর্মকর্তা হত্যা, সাংবাদিক হত্যা, মানুষ কয়েক টুকরো করে খুনসহ নানা ঘটনার দায় নিয়ে পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশে এমন কোন ঘটনা ঘটেনি যে পদত্যাগ করতে হবে। আমি সঠিকভাবে আমার কাজ করছি।” “প্রধানমন্ত্রী যদি মনে করেন আমি ঠিকভাবে কাজ করতে পারছিনা, তখন উনি নিজেই বলবেন- সে সময়ের পর এক মূহূর্ত থাকার অধিকার আমার নেই”, যোগ করেন তিনি। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন নাহার রুনি হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতির বিষয়ে সাহারা খাতুন বলেন, “আপনাদের আশ্বস্ত করছি হত্যাকাণ্ডের তদন্ত সঠিকভাবেই হচ্ছে। তদন্তের অগ্রগতি আপনারা দেখতে পাবেন। তবে কবে দেখবেন তা বলছি না।” বেসরকারি টেলিভিশন মাছরাঙার বার্তা সম্পাদক সাগর এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি গত ১১ ফেব্রুয়ারি ঢাকায় নিজের বাসায় খুন হন। হত্যাকাণ্ডের পর এক মাস পার হলেও খুনিদের চিহ্নিত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জিএনএ/১৬৫১ ঘ.