২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিট আবেদনে দ্বিধাবিভক্ত আদেশ হাই কোর্টের

নয়া পল্টনে বিএনপির ১২ মার্চের সমাবেশে আর কোনো বাধা না দেওয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদনে দ্বিধা-বিভক্ত আদেশ দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 10:58 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া পল্টনে বিএনপির ১২ মার্চের সমাবেশে আর কোনো বাধা না দেওয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদনে দ্বিধা-বিভক্ত আদেশ দিয়েছে হাই কোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে আবেদনটি দাখিল করেন। শুনানির পর বিকালে আদেশে জ্যেষ্ঠ বিচারক মির্জা হোসেইন হায়দার রুল জারি করেন। তবে কনিষ্ঠ বিচারক খুরশীদ আলম আবেদনটি নাকচ করেন। বিভক্ত আদেশ হওয়ায় আবেদনটি এখন প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি শুনানির জন্য তা তৃতীয় একটি বেঞ্চে পাঠাবেন বলে আইনজীবীরা জানিয়েছেন। শুনানিতে আবেদনকারীর পক্ষে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খোন্দকার মাহবুব হোসেন। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ঢাকায় বিরোধী দলের মহাসমাবেশের আগের দিন আদালতে এই আবেদনে বিবাদি করা হয়েছিল স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে। রিট আবেদনে কয়েকটি নির্দেশনা চাওয়ার পাশাপাশি সংবিধানের ২৭, ৩১, ৩২, ৩৩, ৩৬ ৩৭, ৩৮, ৩৯ ও ৪৩ অনুচ্ছেদে নিশ্চিত করা সাধারণ নাগরিকদের বিশেষ করে প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের সহযোগী দলের কর্মী সমর্থকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে কেন বিবাদিদের নির্দেশ দেওয়া হবে না, এই নির্দেশ আদালতের কাছে চাওয়া হয়েছিল। বিচারপতি মির্জা হোসেইন হায়দারের আদেশে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে বিবাদিদের কেন নির্দেশ দেওয়া হবে না, তা ছয় সপ্তাহের মধ্যে জানাতে রুল জারি করা হয়। তবে এই আদেশের সঙ্গে দ্বিমত পোষণ করে বিচারপতি খুরশীদ আলম তা সরাসরি খারিজ করে দেন। বিএনপি অভিযোগ করে আসছে, সরকার বিভিন্নভাবে মহাসমাবেশকে বাধাগ্রস্ত করছে। গ্রেপ্তার করছে নেতা-কর্মীদের। রিট আবেদনে ১২ মার্চের সমাবেশকে সামনে রেখে আইনের যথাযথ প্রক্রিয়া ব্যতীত গ্রেপ্তারকৃতদের মুক্তি দেওয়ার নির্দেশনাও চান ব্যারিস্টার কাজল। বেআইনিভাবে গ্রেপ্তার ও আটকদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও চান তিনি। রিট আবেদনকারীর কৌঁসুলি মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, “এই বিভক্ত আদেশের মাধ্যমে আইনের শাসন প্রশ্নবিদ্ধ হয়েছে। বিচার বিভাগে কতটা দলীয়করণ হয়েছে, এটা তারই দৃষ্টান্ত। “বিভিন্ন জাতীয় দৈনিকে আসা খবরে আমরা দেখেছি, মানুষকে সারা দেশের সব জায়গা থেকে আসতে বাধা দেওয়া হচ্ছে। জ্যেষ্ঠ বিচারপতি মনে করেছেন, এখানে সাংবিধানিক অধিকার লঙ্ঘনের বিষয়গুলো আসছে।” “আমরা মৌলিক অধিকার লঙ্ঘনের বিষয়ে এসেছি। কিন্তু দেখছি, বিচার বিভাগও ঠিকমতো কাজ করছে না,” বলেন তিনি। আইনজীবী সমিতির এই বক্তব্যের সমালোচনা করে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, তাদের বক্তব্য আদালত অবমাননার শামিল। সংবিধান অনুযায়ী প্রত্যেক বিচারপতি স্বাধীন। তারা প্রত্যেকেই স্বাধীনভাবে একমত বা দ্বিমত পোষণ করতে পারেন। রিট আবেদনের বিষয়ে তিনি বলেন, “বলা হয়েছে, বিএনপি নেতাকর্মীদের সমাবেশে আসতে দেওয়া হচ্ছে না। এতে তাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। মৌলিক অধিকার নিয়ে এভাবে ঢালাওভাবে রিট আবেদন করা যায় না। এক্ষেত্রে সুনির্দিষ্ট ঘটনা নিয়ে আসতে হয়।” সরকারের পক্ষে মাহবুবে আলম বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার চলছে, হুজি এখনো সক্রিয়। তাই সমাবেশ ডেকেছে বিএনপি, কিন্তু এরা আসবে না, তা নিশ্চিত করবে কে? জনগণের নিরাপত্তার কথা সরকারকেই ভাবতে হবে।” মাহবুব হোসেন বলেন, “আগে আমরা দেখতাম অন্তর্র্বতীকালীন আদেশ না থাকলে কোনো বিচারপতি দ্বিমত পোষণ করেন না। অ্যাটর্নি জেনারেল এর বিরোধিতা করতেন না। কিন্তু এখানে পুরো অ্যাটর্নি জেনারেল কার্যালয় এসে বলল, আমরা নাকি রাজনৈতিক উদ্দেশ্যে এই রিট দায়ের করেছি।” অন্যদিকে মাহবুবে আলম বলেন, “যে আন্দোলনের জনভিত্তি থাকে, তা টিকিয়ে রাখার জন্য আদালতে আসতে হয় না। গান্ধিজীর আন্দোলন, বঙ্গবন্ধুর আন্দোলন, জাহানারা ইমামের আন্দোলন এর বড় দৃষ্টান্ত।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৬৫১ ঘ.