২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের মানববন্ধন

বিএনপির মহাসমাবেশের আগের দিন যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে ঢাকার পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 09:56 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি এবং এই বিচার প্রক্রিয়া বাধাগ্রস্তের ‘ষড়যন্ত্র’ প্রতিহত করার আহ্বানে ঢাকার পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত মানবন্ধন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। ঢাকায় বিরোধী দলের মহাসমাবেশের আগের দিন রোববার বিকালে গাবতলী থেকে যাত্রাবাড়ী মোড় পর্যন্ত এক ঘণ্টার এই কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচি থেকে থেকে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে রাজপথ ছেড়ে সংসদে গিয়ে প্রস্তাব উপস্থাপনের আহ্বান জানান ১৪ দলের নেতারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধী দলের উদ্দেশে বলেন, “সংসদ এখনো চলছে। আপনারা প্রধানমন্ত্রীর আহবানে সংসদে এসে আলোচনা করুন। জনগণকে শান্তিতে থাকতে দিন।” “জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের ত্যাগ করুন,” বলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিরোধী দলের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব চেয়ে বলেন, “সংসদে আসতে লজ্জা হলে, বাইরে প্রস্তাব দিন।” তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে সোমবার ঢাকায় সমাবেশ করবে বিরোধী দল। এই কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কা করছে সরকার। আওয়ামী লীগ নেতারা বলছেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতেই এই কর্মসূচি। এই কর্মসূচিকে কেন্দ্র করে বাস ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই জন্য সরকারকেই দুষছে বিরোধী দল। ১৪ দলের মানবন্ধন কর্মসূচি বিকাল ৪টায় হওয়ার কথা থাকলেও তার আধা ঘণ্টা আগেই তা শুরু হয়। গাবতলী থেকে শ্যামলী, আসাদ গেইট, রাসেল স্কয়ার, পান্থপথ, সার্ক ফোয়ারা, বাংলা মটর, শাহবাগ, মৎস্য ভবন, প্রেসক্লাব, পল্টন মোড়, নূর হোসেন স্কয়ার, বঙ্গবন্ধু স্কয়ার, গুলিস্থান পার্ক, ইত্তেফাক মোড়, সায়েদাবাদ, যাত্রাবাড়ী মোড় পর্যন্ত সড়কের পাশে হাতে হাত রেখে দাঁড়িয়ে পড়েন নেতা-কর্মীরা। মানববন্ধনে অংশ নেওয়া অনেকের হাতেই ছিল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি এবং জামায়াত নেতাদের ব্যঙ্গাত্মক কার্টুন সম্বলিত বিভিন্ন ফেস্টুন। কর্মসূচিতে সৈয়দ আশরাফ, মেনন ও ইনু ছাড়াও অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, শিরীন আখতার, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ। মানববন্ধনে আশরাফ বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে এবং গণতন্ত্র ধ্বংস করতে খালেদা জিয়া কর্মসূচি পালন করছে। গণতন্ত্রের বিরুদ্ধে যে হুমকিই আসুক না কেন, ১৪ দল তা প্রতিহত করবে।” ১২ মার্চ রাস্তায় নামলে জনরোষে পড়বেন বলে মন্ত্রীদের প্রতি বিএনপি নেতাদের হুঁশিয়ারির জবাবে তিনি বলেন, “তারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে হুমকি দিচ্ছে। “বিএনপি নেতারা তাদের নেতা-কর্মীদের প্রস্তুত হয়ে আসতে বলেছেন। প্রস্তুত হয়ে আসার মানে কী ? তারা কি অস্ত্র নিয়ে আসবে?” বিরোধী দল দেশে যুদ্ধাবস্থা সৃষ্টি করতে চায় বলে দাবি করে আশরাফ বলেন, “বিরোধী দলের ১২ মার্চের কর্মসূচির দিন অস্ত্র সহকারে হামলার আশঙ্কা রয়েছে। বিএনপি দেশের বিভিন্ন জায়গা থেকে অস্ত্রধারীদের ঢাকায় জমায়েত করছে। জামাতের ক্যাডাররাও জড়ো হচ্ছে।” “সরকারের দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। যে কোনো ভাবেই হোক না কেন, সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে,” বলেন স্থানীয় সরকার মন্ত্রী। মাহাবুব-উল আলম হানিফ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “কর্মী ভাইয়েরা পাড়া-মহল্লায় থাকবেন। তারা (বিরোধী দল) পল্টনে সমাবেশ করবে। অন্য জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবেন।” কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তার সমুচিত জবাব দিতেও আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের প্রতি আহবান জানান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আসাদ গেইট এলাকায় মানববন্ধনে অংশ নিয়ে সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, “মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি। একটি রাজকার জীবিত থাকতে এ যুদ্ধ চলবে। যুদ্ধ চালিয়ে যেতে হবে। খালেদা জিয়ার নেতৃত্বে যুদ্ধাপরাধীরা একত্রিত হতে চাচ্ছে। কিন্তু তারা তা পারবে না।” যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে তরুণ প্রজন্মকে আন্দোলনে সম্পৃক্ত হয়ে তা চালিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। একই এলাকায় মানববন্ধনে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায় এবং সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। শুক্রাবাদ এলাকায় মানববন্ধনে মতিয়া চৌধুরী বলেন “হাতেগোনা কয়েকজন রাজাকার বাদে সবাই যুদ্ধাপরাধীদের বিচার চায়। আজকের এই মানবপ্রাচীর তাই প্রমাণ করে। যুদ্ধাপরাধীরা রেহাই পাবে না।” রাজনৈতিক দলের কর্মসূচির কারণে জনদুর্ভোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ। এ ধরনের জনসমাবেশ করলে কিছুটা জনদুর্ভোগ হবেই।” একই স্থানে কর্মসূচিতে অংশ নিয়ে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বিএনপির মহাসমাবেশ সম্পর্কে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিঘিœত হলেই প্রশাসনকে পদক্ষেপ নিতে বাধ্য হতে হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমও সেখানে মানববন্ধনে ছিলেন। ধানমণ্ডি ৩২ নম্বর সড়কের সামনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। বাংলামটরে মানববন্ধনে অংশ নিয়ে বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান বলেন, “বিএনপি-জামায়াত জোট সারাদেশে অপরাজনীতি শুরু করেছে। যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করতে জঙ্গিদের নিয়ে মহাসমাবেশ ডেকেছে তারা।” শাহবাগ মোড়ে মানববন্ধনে ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বক্তব্য দেন। সোমবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ ‘সতর্ক’ অবস্থানে থাকবে জানিয়ে তারা বলেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে কঠোরভাবে তা প্রতিহত করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসআই/প্রতিনিধি/এমআই/১৯০৭ ঘ.