ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ১২ মার্চের সমাবেশকে কেন্দ্র করে বাস বন্ধ করে দিয়ে সরকার রাজধানীতে অঘোষিত কারফিউ জারি করেছে।
শনিবার থেকে বিভিন্ন স্থান থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ এবং রোববার সকাল থেকে ঢাকায় স্বল্প সংখ্যক বাস চলাচল দেখে তার এই প্রতিক্রিয়া।
ফারুক অভিযোগ করেছেন, মহাসমাবেশে কর্মী-সমর্থকদের আসা ঠেকাতে সরকারই গাড়ি চলাচল না করতে চাপ দিয়েছে; যদিও সরকারের পক্ষ থেকে এই অভিযোগ নাকচ করা হয়েছে।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বিরোধীদলীয় প্রধান হুইপ ফারুক বলেন, “মহাসমাবেশের মঞ্চ নির্মাণের এখনো কোনো অনুমতি দেয়নি সরকার। বাস, ট্রেন ও লঞ্চ সব যানবাহন বন্ধ করে দিয়ে তারা সারাদেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। মনে হচ্ছে, সরকার ঢাকায় অঘোষিত কারফিউ, অঘোষিত ১৪৪ ধারা জারি করেছে।”
তিনি বলেন, সরকার মহাসমাবেশ বানচাল করতে সারাদেশে গণগ্রেপ্তার করছে। নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে।
“এত কিছুর পরও আমরা বিশ্বাস করি, মহাসমাবেশে মানুষের ঢল ঠেকাতে পারবে না,” বলেন বিএনপির প্রচার সম্পাদক ফারুক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৩৩ ঘ.
bdnews24