২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি কার্যালয়ে ভিড় বাড়ছে

ব্যাপক পুলিশ মোতায়েনের পরও নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হতে শুরু করেছেন বিএনপি নেতা-কর্মীরা, সোমবার এখানেই মহাসমাবেশ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 08:21 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাপক পুলিশ মোতায়েনের পরও নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হতে শুরু করেছেন বিএনপি নেতা-কর্মীরা, সোমবার এখানেই মহাসমাবেশ হবে। রোববার সকালে কম হলেও দুপুর নাগাদ কয়েক হাজার নেতা-কর্মীকে কার্যালয়ের সামনে দেখা যায়। তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মীদের আপাতত কার্যালয়ে ভিড় না করে সোবার সমাবেশে আসতে অনুরোধ জানিয়েছেন। সকাল ১১টা থেকে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের জন্য মহাসমাবেশের ‘প্রতিনিধি (ডেলিগেট) কার্ড’ বিতরণ শুরু হয়। কার্যালয়ের তৃতীয় তলায় দপ্তর থেকে এই কার্ড দেওয়া হচ্ছে। নেতারা কেউ নিজে গিয়ে কেউ বা মনোনীত ব্যক্তির মাধ্যমে কার্ড সংগ্রহ করছেন। বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল রহমান আল গনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থায়ী কমিটি, সহসভাপতি, উপদেষ্টা পরিষদ, নির্বাহী কমিটির ৪৮০ জনের জন্য এই কার্ড করা হয়েছে। মহাসমাবেশের দিন তারা এই কার্ড দেখিয়ে মঞ্চের কাছে সংরক্ষিত আসনে বসতে পারবেন। এদিকে বিভিন্ন জেলা থেকে আসা নেতা-কর্মীদের ভিড়ে কার্যালয়ে দাঁড়ানোর অবস্থাও নেই। দুপুর সাড়ে ১২টার দিকে ফখরুল হ্যান্ডমাইক নিয়ে বলেন, “আমি নেতা-কর্মীদের অনুরোধ জানাচ্ছি, আপনারা এই এলাকা থেকে চলে যান। সোমবার সকাল ১০টায় মহাসমাবেশস্থলে আসবেন।” তবে তারপরও কর্মীদের ভিড় কমছে না, তা সামলাতে নেতাদের হিমশিম খেতে দেখা যায়। এদিকে দলীয় কার্যালয়ের সামনে সড়কের দুই পাশে পুলিশ সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছে। নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে মঞ্চ নির্মাণে এখনো অনুমতি পায়নি বিএনপি। সকালে দেখা যায়, পুলিশ মঞ্চ নির্মাণের সামগ্রী বাঁশ, কাঠ ইত্যাদি ঘিরে রেখেছে। মঞ্চ নির্মাণের কারিগররা শনিবার রাত থেকেই বসে আছেন। এরপর জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে কমিশনারের সঙ্গে বৈঠক করেন। ফারুক জানান, দুপুর ২টায় ডিএমপি বিএনপির মহাসমাবেশ নিয়ে বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়ে তা জানাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪১৫ ঘ.