২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ বলেছে, ২টায় জানাবে: ফারুক

সমাবেশের আনুষ্ঠানিক অনুমতির জন্য পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানালেন বিএনপির প্রচার সম্পাদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 07:13 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া পল্টনে সোমবারের মহাসমাবেশের আনুষ্ঠানিক অনুমতির জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। কমিশনারের সঙ্গে বৈঠকের পর রোববার দুপুরে বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক সাংবাদিকদের বলেন, “তারা (পুলিশ) জানিয়েছেন, দুপুর ২টায় এই বিষয়ে জানাবেন তারা।” ডিএমপি কমিশনার বেনজির আহমেদের সঙ্গে বৈঠকে ফারুকের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল ও শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। এই বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “বিএনপির আবেদনের বিষয়ে ২টায় বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। ওই বৈঠকেই সিদ্ধান্ত হবে।” তিনি বলেন, বিএনপিকে মহাসমাবেশের অনুমতি দেওয়া হলেও ‘সম্ভাব্য’ ওই কর্মসূচি ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হবে। মহাসমাবেশকে কেন্দ্র করে গণগ্রেপ্তারের যে দাবি বিএনপি করছে, তা নাকচ করে ডিএমপি মুখপাত্র বলেন, এটা পুলিশের স্বাভাবিক অভিযানের অংশ। নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে মঞ্চ নির্মাণের প্রস্তুতি নিয়েও পুলিশের বাধার কারণে কাজ এখনো শুরু করতে পারেনি বিএনপি। শনিবার সকালে দেখা যায়, পুলিশ মঞ্চ নির্মাণের সামগ্রী বাঁশ, কাঠ ইত্যাদি ঘিরে রেখেছে। মঞ্চ নির্মাণের কারিগররা শনিবার রাত থেকেই বসে আছেন। সকাল ১০টায় দলীয় কার্যালয়ের সামনে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, “সব প্রস্তুতি নিয়ে আমরা বসে আছি। পুলিশ কাজ করতে দিচ্ছে না। তারা বলছে, লিখিত অনুমতি লাগবে। এদিকে মহানগর পুলিশ বলছে, মঞ্চ নির্মাণের অনুমতি দেওয়া হচ্ছে।” সোমবার কার্যালয়ের সামনেই বিরোধী দলের মহাসমাবেশ হবে, যাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিরোধী দলের নেতারা বক্তব্য রাখবেন। বিএনপির এই সমাবেশ থেকে নাশকতার আশঙ্কা প্রকাশ করে আসছেন সরকারি দলের নেতারা। বিএনপি বলছে, সমাবেশের অনুমতি দেওয়াসহ জনসমাগমেও বাধা দিচ্ছে সরকার। সকাল থেকে বিএনপির কার্যালয়ের দুই পাশে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ সদস্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বেষ্টনী তৈরি করেছেন। পল্টনের আনন্দ কমিউনিটি সেন্টার কাছে বসানো হয়েছে পুলিশ চেক পোস্ট। সেখানে গাড়িতে তল্লাশি চলছে। ফকিরাপুলের কাছেও একই ধরনের চেক পোস্ট বসানো হয়েছে। বিএনপি কার্যালয়ের সামনের ওই সড়কে যান চলাচল কম দেখা যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এসএম/এমআই/১৩০৪ ঘ.