ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ উপস্থাপনের মধ্যদিয়ে এই শুনানি শুরু হয়।
প্রসিউকিউটর মোখলেসুর রহমান ১০৯ পৃষ্ঠা সম্বলিত আনুষ্ঠানিক অভিযোগের ২১ পৃষ্ঠা পড়ার পর শুনানি ২০ মার্চ পর্যন্ত মুলতবি করে ট্রাইব্যুনাল।
মুজাহিদের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গত ২৬ জানুয়ারি আমলে নেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। তাকে গ্রেপ্তার করা হয় ২০১০ সালের জুন মাসে।
রোববার শুনানির শুরুতেই মুজাহিদের আইনজীবী আহসান কবীর অভিযোগ গঠন প্রক্রিয়া শুরু না করার আবেদন জানিয়ে বলেন, তাকে প্রয়োজনীয় কিছু নথিপত্র প্রসিকিউশন বিভাগ দেয়, সেই সঙ্গে সরবরাহ করার কিছু নথিপত্রও অস্পষ্ট।
তখন ট্রাইব্যুনালের তিন সদস্যের বিচারক প্যানেলের প্রধান বিচারপতি নিজামুল হক সে আবেদন নাকচ করে বলেন, এ বিষয়ের জন্য ট্রাইব্যুনালে আসার প্রয়োজন নেই। এজন্য সরাসরি প্রসিকিউশন বিভাগেই সরাসরি যোগাযোগ করতে পারে আসামি পক্ষ।
শেষ মুহূর্তে এসে নথিপত্র না পাওয়ার কারণ দেখিয়ে শুনানি পেছানোয় আসামি পক্ষের আবেদনে উষ্মাও প্রকাশ করে ট্রাইব্যুনাল।
এরপরও আসামি পক্ষ প্রস্তুতির জন্য সময়ের আবেদন জানাতে থাকলে তা উপেক্ষা করেই শুনানি শুরু করে ট্রাইব্যুনাল।
মুক্তিযুদ্ধের সময় জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সাধারণ সম্পাদক ছিলেন মুজাহিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১৮০০ ঘ.
bdnews24