ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে যে সমাবেশ করতে যাচ্ছে বিরোধী দল, তাতে জনসমাগমের স্থান হবে এক বর্গমাইলের মতো এলাকাজুড়ে, কিন্তু তা নিয়েই উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে সারাদেশে।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে সোমবার ঢাকায় মহাসমাবেশ ডাক দেয় বিএনপি, যাতে সারাদেশ থেকে সমমনা দলগুলোর নেতা-কর্মীরাও যোগ দেবে। এই কর্মসূচিকে তারা বলছে- ‘ঢাকা চলো’ কর্মসূচি।
কিন্তু এই সমাবেশ যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য দাবি করে কর্মসূচি থেকে নাশকতার আশঙ্কা প্রকাশ করে আসছে সরকারি দল। সরকারি দলের পক্ষ থেকে এই সমাবেশ বন্ধ করে দিতে পুলিশের প্রতি আহ্বানও জানানো হয়েছে।
১২ মার্চে সমাবেশ ঘিরে সরকারি দল ও বিরোধী দলের মুখোমুখি অবস্থানের কারণে রাজধানীসহ সারাদেশেই মানুষের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। পাশাপাশি এই কর্মসূচিকে কেন্দ্র লঞ্চ ও বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিড়ম্বনা।
বিএনপির সমাবেশের মঞ্চ হবে নয়া পল্টনের সামনের সড়কে দলীয় কার্যালয়ের বিপরীত দিকে, যেখানে বক্তব্য দেবেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
বিএনপি নেতারা আশা করছেন, পূর্বে নটরডেম কলেজ, পশ্চিমে কাকরাইলের ক্যাথলিক চার্চ, দক্ষিণে দৈনিক বাংলা মোড় এবং উত্তরে মালিবাগ পর্যন্ত সড়কে জনসমাগম হবে।
এই পরিমাণ এলাকায় জনসমাগমের লক্ষ্য নিয়েই কাজ চলছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা।
তিনি বলেন, “সোমবার দুপুরে আগেই এই এলাকা মানুষে সয়লাব হয়ে যাবে।” তবে সারাদেশ থেকে নেতা-কর্মীদের আসতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিএনপি নেতাদেরই। তারা বলছেন, বাস ও লঞ্চ চলাচল বন্ধের পাশাপাশি ঢাকায় হোটেল ও রেস্তোরাঁগুলোও বন্ধ করে দিয়েছে সরকার।
নয়া পল্টনে জনসভার মৌখিক অনুমতি পাওয়ার পর থেকে প্রস্তুতি চালাতে শুরু করে বিএনপি নেতারা, তবে পুলিশ শনিবার আনুষ্ঠানিক অনুমতি না দেওয়ার কথা জানালে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
মহাসমাবেশ উপলক্ষে ইতোমধ্যে নটরডেম কলেজ থেকে শুরু করে নয়া পল্টন হয়ে কাকরাইল পর্যন্ত সড়কের দুই পাশে সব উঁচু দালান ও সড়কদ্বীপ ডিজিটাল ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে। জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বড় বড় ছবি সম্বলিত প্ল্যাকার্ড ও ডিজিটাল ব্যানার শোভা পাচ্ছে সেখানে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পুরোটাই ডিজিটাল ব্যানারে ঢাকা পড়ে গেছে। দলীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের অবস্থান দেখা যাচ্ছে সব সময়। কেন্দ্রীয় কার্যালয় ও ঢাকা মহানগর কার্যালয়ের ভাসানী মিলনায়তনে চলছে বিভিন্ন কমিটির সিরিজ বৈঠক।
সাধারণত নয়া পল্টনে বড় ধরনের সমাবেশ হলে নটরডেম কলেজ থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কে জনসমাগম হওয়ায় নির্দিষ্ট সময় পর্যন্ত ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। তখন ওই সড়ক ব্যবহারকারীদের মালিবাগ থেকে কমলাপুর হয়ে যেতে হয়। এছাড়া পল্টন থেকে মতিঝিল পর্যন্ত সড়ক খোলা থাকে।
এছাড়া রাজারবাগ ও শাহজাহানপুর এলাকার মানুষকে বের হতে হয় সমাবেশস্থলের বিপরীত দিকে। ওই এলাকায় কয়েক সরকারি কলোনি থাকায় সমাবেশের সময় তাদের কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়।
তবে সমাবেশমুখী মিছিলের কারণে বিভিন্ন সড়কে গাড়ি চলাচল দুপুর থেকে ব্যাহত হবে বলে ধারণা করা হচ্ছে। সাধারণত আশপাশের ওয়ার্ডগুলোর নেতাকর্মীরা মিছিল করে সমাবেশস্থলে আসেন। মিরপুর, মোহাম্মদপুর ও উত্তরার মতো এলাকাগুলো থেকে নেতা-কর্মীরা বাসে নির্দিষ্ট স্থান পর্যন্ত এসে তারপর মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।
অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, নেতা-কর্মীবাহী বাসগুলো সাধারণত কমলাপুর এবং আশপাশের এলাকা, কাকরাইল, গুলিস্থান, ওসমানী উদ্যান এলাকায় বাসগুলো থাকে।
তবে এবার শুরু থেকেই এই সমাবেশ নিয়ে শক্ত অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। সহযোগী সংগঠনের নেতারাও সোমবার রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন।
রোববার ঢাকার বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগের মিছিল-সমাবেশ দেখা যায়। ওই সব মিছিল থেকে নয়া পল্টন ছাড়া অন্য এলাকায় বিএনপি নেতা-কর্মীরা জড়ো হলে তাদের প্রতিরোধের ঘোষণা দেওয়া হয়। এ থেকে নাগরিকরা সংঘাতের আশঙ্কা করছেন।
বিএনপি নেতারা জানান, মহাসমাবেশে অংশ নেওয়া সবাই যেন ভালোভাবে বক্তব্য শুনতে পারেন, সেজন্য ১৫টি স্থানে বড় পর্দা বসানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। নটরডেম কলেজ থেকে শুরু করে কাকরাইল, দৈনিক বাংলা মোড়, বিজয়নগর, শান্তিনগর পর্যন্ত পুরো সড়কে তিনশ’ মাইক বসানো হচ্ছে।
সমাবেশের নিরাপত্তায় বিএনপি গঠিত কমিটির আহ্বায়ক আ স ম হান্নান শাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারের হুমকি-ধমকি ও নানা প্রতিবন্ধকতার পরও মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ করে নজির সৃষ্টি করতে পারব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১১১ ঘ.
bdnews24