২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ১ ঘণ্টার মানববন্ধন করবে ১৪ দল

বিরোধী দলের ‘ঢাকা চলো’ কর্মসূচির আগের দিন রোববার রাজধানীতে নিজেদের সাংগঠনিক শক্তি দেখাবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 05:13 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের ‘ঢাকা চলো’ কর্মসূচির আগের দিন রোববার রাজধানীতে নিজেদের সাংগঠনিক শক্তি দেখাবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বিকাল ৪টা থেকে গাবতলী থেকে যাত্রাবাড়ি মোড় পর্যন্ত এক ঘণ্টা মানববন্ধন করবে ক্ষমতাসীন এই রাজনৈতিক জোট। ১৪ দলের কেন্দ্রীয় নেতারা এতে উপস্থিত থাকবেন। এই মানববন্ধন গাবতলী, শ্যামলী, আসাদ গেইট, ২৭নং রোড, রাসেল স্কয়ার, গ্রীণ রোড, বসুন্ধরা, সোনারগাঁও হোটেল, বাংলামটর, শাহবাগ, মৎস্য ভবন, বাংলাদেশ বার কাউন্সিল, হাই কোর্ট, প্রেস ক্লাব, পল্টন মোড়, নূর হোসেন স্কয়ার, বঙ্গবন্ধু স্কয়ার, গুলিস্থান পার্ক, ইত্তেফাক মোড়, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় পর্যন্ত হবে। কর্মসূচিতে নেতা-কর্মীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে বেশ কয়েকটি বৈঠক করেছে এ জোট। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কর্মসূচি সফল করতে দলের নেতাদের নির্দেশ দিয়েছেন। গত শুক্রবার রাতে গণভবনে এক বৈঠকও করেন তিনি। শনিবার পৃথক বর্ধিত সভা করে ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং জাতীয় শ্রমিক লীগ। বর্ধিত সভা দু’টিতে উপস্থিত থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ সংগঠনের নেতাদের কর্মী ও সমর্থক নিয়ে কর্মসূচিতে উপস্থিত থাকার নির্দেশ দেন। যুবলীগও রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল করেছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানান হয়। কর্মসূচিতে আওয়ামী লীগ ও ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি রাজধানীর বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক জনতার অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এক বিবৃতিতে সব স্তরের নেতা-কর্মীদের পাশাপাশি দেশের গণতান্ত্রিক প্রগতিশীল ও অসা¤প্রদায়িক ব্যক্তি, সংগঠন এবং ছাত্র, যুব ও তরুণ সমাজকে ব্যাপকভাবে মানববন্ধনে অংশগ্রহণের আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২৩১৩ ঘ.