২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে’

রাজধানীতে চারদলের মহাসমাবেশ সামনে রেখে সারাদেশে তিন হাজারেরও বেশি নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 09:28 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে চারদলের মহাসমাবেশে জনসমাগম ঠেকাতে সরকার গণগ্রেপ্তার শুরু করেছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকার জনগণের বিরুদ্ধে ‘অঘোষিত’ যুদ্ধ শুরু করেছে। শনিবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সরকার মহাসমাবেশে বাধা দিতে সারাদেশে নির্যাতন, গ্রেপ্তার ওতল্লাশি চালাচ্ছে। জনগণের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ শুরু করেছে।” মহাসমাবেশ সামনে রেখে পুলিশের এই গ্রেপ্তার অভিযান ‘বেআইনি’ উল্লেখ করে তা বন্ধের দাবি জানান ফখরুল। তিনি অভিযোগ করেন, প্রতিটি জেলা ও থানা থেকে কেউ যাতে মহাসমাবেশে আসতে না পারে, সেজন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। দূরপাল্লার সব যানবাহনও পুলিশ বন্ধ করে দিয়েছে। “টিকেট বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। ভাড়া করা লঞ্চ আসতে দিচ্ছে না। রাজধানীর সব হোটেল চারদিনের জন্য বন্ধ রাখতে বলা হয়েছে”, বলেন ফখরুল। এ পর্যন্ত সারাদেশে তিন হাজারেরও বেশি নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, “ক্ষমতাসীনদের কর্মকাণ্ডে গোটা দেশ কালো মেঘে ছেয়ে গেছে। আমরা সরকারকে বলতে চাই, মহাসমাবেশে বাধা ও গণগ্রেপ্তার বন্ধ করুন। দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেবেন না।” সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশ থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণার কথা রয়েছে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার। এ কর্মসূচি সামনে রেখে সারা দেশে গত দুই দিন ধরে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে পুলিশ। সরকারের মন্ত্রীরা বলছেন, এই মহাসমাবেশ সামনে রেখে নাশকতা ঘটানোর চেষ্টা হতে পারে বলে সরকারের কাছে খবর আছে। এই পরিপ্রেক্ষিতে মহাসমাবেশ বন্ধ করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। অন্যদিকে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া শুক্রবার এক অনুষ্ঠানে সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ করতে না দিলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার ছাড়া আর পথ থাকবে না। শনিবারের সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরের বিভিন্ন থানা, খাগড়াছড়ি, পটুয়াখালী, বাগেরহাট, গাজীপুর, শেরপুরসহ বিভিন্ন জেলায় গ্রেপ্তারের তালিকা তালিকা পড়ে শোনান ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, “সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এজন্য অগণতান্ত্রিক ও নির্যাতনের পথ বেছে নিয়েছে।... এ যেন এক মধ্যযুগীয় দেশে আমরা বসবাস করছি।” সমাবেশ বন্ধ করার আহ্বান জানানোয় মাহবুব-উল-আলম হানিফের সমালোচনা করে ফখরুল বলেন, “তার এই আবদার রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। বিরোধী দলের গণতান্ত্রিক মহাসমাবেশকে বন্ধ করে দিতে চান তিনি। তারা এভাবেই গণতন্ত্রকে অবরুদ্ধ করে রাখতে চায়।” মঞ্চ তৈরিতে বাধা নয়া পল্টনে মহাসমাবেশের মঞ্চ নির্মাণে পুলিশ বাধা দিচ্ছে অভিযোগ করে ফখরুল বলেন, “গতকাল আমরা নয়া পল্টনের কার্যালয়ের সামনে মঞ্চ তৈরি শুরু করতে গেলে পুলিশ বাধা দেয়। তারা জানিয়েছে, এখনো তাদের কাছে (পুলিশ) অনুমতি আসেনি। মাইকও লাগাতে দিচ্ছে না পুলিশ।” “...বার বার টেলিফোন করেও পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সরকারকে বলব, মহাসমাবেশ করার অনুমতি না দিলে আইন দেখিয়ে বলে দিন”, যোগ করেন তিনি। শনিবার রাত থেকে মঞ্চ নির্মাণ কাজ শুরু হবে জানিয়ে ফখরুল বলেন, এতে বাধা দেওয়া হলে দায় সরকারকেই নিতে হবে। জনগণকে মহাসমাবেশে আসার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আপনাদের বলব, ভোটের ও ভাতের অধিকার আদায়ের জন্য এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিন। মহাসমাবেশে কত লোক হবে বলে আশা করছেন- এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “আমরা কোনো টার্গেট নিয়ে কাজ করছি না। গোটা দেশের দলমত নির্বিশেষে সবাইকে এ মহাসমাবেশে আসার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা।” অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, আব্দুল মঈন খান, সহ সভাপতি আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান পটল, হায়দার আলী, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান মিলন, মশিউর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলমসহ অঙ্গ সংগঠনের নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৫২৫ ঘ.