ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে চার দলের মহাসমাবেশ ‘বানচাল’ করতে সরকার মানুষজনকে ঢাকায় ঢুকতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
শনিবার সকালে মহাসমাবেশের প্রচারে আয়োজিত এক শোভাযাত্রার উদ্বোধন করে ফারুক বলেন, “আমরা জানতে পেরেছি, ঢাকার প্রবেশপথ থেকে পুলিশ মানুষজনকে ঢাকায় ঢুকতে বাধা দিচ্ছে। তাদের ফেরত পাঠাচ্ছে।”
“সোমবারের কর্মসূচির একদিন বাকি থাকতেই ঢাকার প্রবেশপথগুলোতে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে। রেল, বাস স্টেশন ও লঞ্চ টার্মিনালে পুলিশ ও র্যাব যাত্রীদের বাধা দিচ্ছে”, অভিযোগ করেন তিনি।
সোমবার নয়া পল্টনে এই মহাসমাবেশ থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার।
সরকারের মন্ত্রীরা বলছেন, এই মহাসমাবেশ সামনে রেখে নাশকতা ঘটানোর চেষ্টা হতে পারে বলে তথ্য আছে। এই পরিপ্রেক্ষিতে মহাসমাবেশ বন্ধ করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
এ কর্মসূচি সামনে রেখে সারা দেশে গত দুই দিন ধরে বিরোধী দলের কয়েক শ’ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গণগ্রেপ্তার চালিয়ে মহাসমাবেশে বানচাল করার যাবে না উল্লেখ করে ফারুক বলেন, “সরকারকে বলব, দয়া করে মহাসমাবেশে বাধা দিয়ে গণতন্ত্রের পথ রোধ করবেন না। আমাদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে দিন।”
স্বাধীনতা ফোরাম জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ঘোড়ার গাড়ি নিয়ে এই শোভাযাত্রা বের করে। তোপখানা রোড, বিজয় নগর, নয়া পল্টন সড়ক প্রভৃতি সড়ক ঘুরে ঢাকাবাসীকে সোমবারের মহাসমাবেশে যোগ দেওয়ার অনুরোধ জানানো হয় এই শোভাযাত্রার মাধ্যমে।
স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহ, নাগরিক সংসদের সভাপতি ফরিদা ইয়াসমীন প্রমুখ প্রচার শোভাযাত্রায় বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/জেকে/১৩৪৫ ঘ.
bdnews24