চাঁদপুর, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় বিরোধী দলের মহাসমাবেশ সামনে রেখে ঢাকার সঙ্গে চাঁদপুরের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর কারণ হিসেবে ‘ওপর মহলের’ চাপের কথা বলছেন লঞ্চ মালিক আর নৌ পরিবহন কর্তৃপক্ষ।
শনিবার সকাল ৯টা থেকে ঢাকাগামী লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
চাঁদপুর নদী বন্দরের লঞ্চ মালিকদের প্রতিনিধিরা জানান, চাঁদপুর-ঢাকা রুটে লঞ্চ চলাচল ১২ মার্চ পর্যন্ত বন্ধ রাখার জন্য ‘ওপরের নির্দেশ’ রয়েছে। নারায়ণগঞ্জগামী লঞ্চ চলাচলও বন্ধ রাখা হয়েছে।
এর কারণ জানতে চাইলে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুর নদী বন্দরের পরিদর্শক নিয়াজ মোহাম্মদ বলেন, “ওপরের নির্দেশে বন্ধ রয়েছে। এর বাইরে আর কিছু বলতে পারবো না।”
চাঁদপুর-ঢাকা রুটে প্রতিদিন ছোট-বড় ১২টি লঞ্চ চলাচল করে। এছাড়া নারায়ণগঞ্জ রুটেও ১২টি লঞ্চ চলে বলে জানান চাঁদপুর-নারায়নগঞ্জ রুটে চলাচলকারী লঞ্চ মালিকদের প্রতিনিধি রুহুল আমিন হাওলাদার।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লঞ্চঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, “আমরা দায়িত্ব পালন করছি। লঞ্চ কেন চলাচল করছে না-তা বলতে পারছি না।”
এদিকে ঢাকা-চাঁদপুর সড়কেও বাস চলাচল বন্ধ হয়ে গেছে বলে গুঞ্জন শোনা গেলেও পুলিশ প্রশাসন তা স্বীকার করেনি।
চাঁদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সৈকত শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ রকম কোনো নির্দেশনা আমরা পাইনি। বাস চলাচল স্বাভাবিক রয়েছে।”
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে ১২ মার্চ ঢাকায় সমাবেশ করবে প্রধান বিরোধী দল বিএনপি ও সমমনা কয়েকটি সংগঠন। এ কর্মসূচি সামনে রেখে সারা দেশে গত দুই দিন ধরে ব্যাপক ধরপাকড় চলছে।
সরকারের মন্ত্রীরা বলছেন, এই মহাসমাবেশ সামনে রেখে নাশকতা ঘটানোর চেষ্টা হতে পারে বলে সরকারের কাছে খবর আছে। এই পরিপ্রেক্ষিতে মহাসমাবেশ বন্ধ করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
অন্যদিকে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া শুক্রবার এক অনুষ্ঠানে সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ করতে না দিলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার ছাড়া আর পথ থাকবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/জেকে/১২৪০ ঘ.
bdnews24