বরিশাল, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা যাওয়ার পথে বরিশালে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রব।
এই সময় তার সঙ্গে থাকা কেন্দ্রীয় ওলামা দলের সহসভাপতি আব্দুল মজিদও আহত হয়েছেন।
শুক্রবার রাত ৮টার দিকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে সোনারগাও টেক্সটাইল মিলের সামনে এই হামলা হয় বলে আব্দুর রব জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ঢাকায কর্মসূচিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে মটর সাইকেলে বরিশাল আসছিলেন। সেতুর ঢাল এলাকায় ২০/৩০ যুবক মটর সাইকেল থামাতে বলে।
“মটর সাইকেল না থামিয়ে দ্রুত চালিয়ে আসার সময় তারা লাঠি দিয়ে আঘাত করলে মটর সাইকেলের পেছনে থাকা আব্দুল মজিদের মাথায় আঘাত লাগে,” বলেন তিনি।
মজিদকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দুজন ঢাকা রওনা হয়েছেন বলে আব্দুর রব জানান। তার সন্দেহ, আওয়ামী লীগের কর্মীরা তার বরিশাল যাওয়ার খবর আগে থেকে জেনে এই হামলা চালিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০০২৪ ঘ.
bdnews24