পটুয়াখালী, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রিকেট খেলতে মানা করায় পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ছাত্রলীগের এক দল কর্মী রাখাইন বিপণি বিতানে হামলা চালিয়ে দোকান ভাংচুর করেছে।
শুক্রবার সকালের এই ঘটনার পর ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা দোকান বন্ধ রেখে বিক্ষোভ করলে প্রশাসনের মধ্যস্থতায় আওয়ামী লীগ নেতারা বিষয়টি মীমাংসা করে দেন।
রাখাইনদের অভিযোগ, সৈকতের কাছের ওই মার্কেটে শুক্রবার কেনা বেচা ভালো হওয়ায় সেখানে ক্রিকেট খেলতে নিষেধ করেন ছাত্রলীগকর্মীদের। এতে ক্ষিপ্ত হয়ে তারা সকাল ১০টার দিকে দোকানে ভাংচুর চালায়।
হামলায় ব্যবসায়ী মংচান ও তার স্ত্রী উচান আহত হয়েছে।
মংচান সাংবাদিকদের জানান, কুয়াকাটা পৌর ছাত্রলীগের সভাপতি মজিবুর রহমানের নেতৃত্বে ৩০-৩৫ জন রাখাইন মহিলা মার্কেটের আটটি দোকানে ভাংচুর চালিয়ে নগদ টাকা ও মালপত্র লুটে নেয়।
হামলার প্রতিবাদে রাখাইনরা সব দোকান বন্ধ করে পুলিশের কাছে নালিশ জানান। বিকালে মানববন্ধনও করেন তারা।
রাখাইন মহিলা মার্কেটের সভানেত্রী লুমা মগনী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলার পর ছাত্রলীগ নেতা মজিবুর রহমান, শহিদুল ইসলাম, বেল্লাল, সাদ্দাম ও আল-আমিনের বিরুদ্ধে কলাপাড়া থানা এবং কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দেওয়া হয়।
তিনি অভিযোগ করেন, এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ও ২ মার্চ একই ব্যক্তিরা মার্কেটের একাধিক দোকানে হামলা চালিয়েছিল।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ি দায়িত্বরত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাখাইনরা অভিযোগ করার পর সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিয়ে বৈঠকে বসে সমস্যার সমাধান করে দেন।
কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এই বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাখাইনদের ওপর হামলার বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নিয়ে সমাধান করে দেওয়া হয়েছে।
“ভবিষ্যতে যদি অভিযুক্তরা এ ধরনের কাজ আবার করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০০১৫ ঘ.
bdnews24