ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় বিরোধী দলের মহাসমাবেশের আগে দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতা-কর্মীদের গ্রেপ্তার চালিয়ে যাচ্ছে পুলিশ।
পুলিশের দাবি, নাশকতার পরিকল্পনা করছে সন্দেহে বিভিন্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে বিএনপি বলছে, মহাসমাবেশ বানচালে সরকারি ষড়যন্ত্রের অংশ হিসেবে এই গ্রেপ্তার অভিযান চলছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শুক্রবার এক বিবৃতিতে গ্রেপ্তার হয়রানি বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তিও দাবি করেছেন তিনি।
শুক্রবারের গ্রেপ্তারের পরিসংখ্যান নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর।
পটুয়াখালী: সদর, বাউফল, কলাপাড়া ও গলাচিপায় বিএনপি ও জামায়াত নেতাসহ নয় জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে রয়েছেন পটুয়াখালীর বিএনপি নেতা ফারুক আহমেদ, যুবদল নেতা মো. নাসির উদ্দিন, বাউফল উপজেলা জামায়াত নেতা মাওলানা শাহ কবির।
পটুয়াখালী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে সন্দেহভাজনদের আটক করা হয়েছে।
বরগুনা: জেলা যুবদলের সভাপতি তালিমুল ইসলামসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন বেতাগী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসনাইন মো. রাজিবও।
ঝালকাঠী: রাজাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি হেমায়েত উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজাপুর থানার উপ-পরিদর্শক হালিম তালুকদার বলেন, নাশকতা করতে পারেন এমন আশঙ্কায় উপজেলার বাগড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পাবনা : নয়টি উপজেলায় বিএনপি ও জামায়াতের ৫০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পাবনার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, ঢাকা চলো কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।
এদের মধ্যে রয়েছেন- সাঁথিয়া উপজেলার জামায়াত নেতা গোলাপ, লক্ষীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি শরিফুল ইসলাম, বেড়া উপজেলায় কৈটোলা ইউনিয়ন জামায়াতের আমির নজরুল ইসলাম।
শেরপুর: শহরের চাপাতলী এলাকা ও শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়ন থেকে তিন নারী নেত্রীসহ বিএনপির পাঁচ নেতা গ্রেপ্তার হয়েছেন।
তারা হলেন- জেলা মহিলা দলের নেত্রী আয়শা আখতার, নাজমা বেগম ও ফজিলা খাতুন এবং শ্রীবরদীর ভেলুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হক মেম্বর এবং ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ।
নড়াইল: বিভিন্ন স্থান থেকে বিএনপির ৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে লোহাগড়া উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আহাদুল ইসলামও রয়েছেন।
কিশোরগঞ্জ: কটিয়াদি, ভৈরব, তাড়াইল, বাজিতপুর ও সদর উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে রয়েছেন- পৌর বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মন্টু, ভৈরব উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ফাইজুল আমিন, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।
গাজীপুর: পৌর শ্রমিক দলের সভাপতি মো. নজরুল ইসলামসহ ১৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে টঙ্গী থানার ১১ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক জাকির হোসেন এবং ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. জুয়েল রয়েছেন।
শরীয়তপুর: জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. শাহজালাল চৌধুরী ও সাধারণ সম্পাদক রেজাউল করীম হাওলাদারসহ বিএনপি ও জামায়াতের সাত নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। নড়িয়া পৌরসভা যুবদলের সহ প্রচার সম্পাদক জুয়েল দেওয়ান, গোসাইরহাট উপজেলা শ্রমিক দলের আহবায়ক সালাম পেদা, ডামুড্যা উপজেলা জামায়াতের রোকন মনোয়ার হোসেনও গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন।
মেহেরপুর: গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামসহ বিএনপি ও ছাত্রশিবিরের ২৪ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছেন- জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি তারিকুল ইসলাম।
খুলনা: সদর থানাসহ নগরীরর বিভিন্ন স্থান, দাকোপ ও কয়রা উপজেলা থেকে বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি সাইদুর রহমান রয়েছেন।
নারায়ণগঞ্জ: সোনারগাঁও থেকে বিএনপি ও জামায়াতের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুরনো একটি হরতালের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান।
সাতক্ষীরা: বিভিন্ন স্থান থেকে ১৫ বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে রয়েছেন-সাতক্ষীরা পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, শ্যামনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জলিল, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আজিজুর রহমান।
গোপালগঞ্জ: বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াত এর ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
সুনামগঞ্জ: জেলা ছাত্র শিবিরের সভাপতি দেলোয়ার হোসেন এবং প্রকাশনা ও ছাত্র কল্যাণ সম্পাদক মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বরিশাল: বাকেরগঞ্জ ও হিজলা উপজেলা থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াসহ সাত জনকে আটক করেছে পুলিশ।
মুন্সীগঞ্জ: সুপারমার্কেট এলাকায় প্রচারপত্র বিলির সময় রবিউল আউয়াল (১৮) ও জুয়েল (১৭) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিলেট: বিভিন্ন থানায় অর্ধশতাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে এদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। তবে ‘ঢাকা চলো’ কর্মসূচিকে সামনে রেখেই দলীয় নেতাকর্মী ও নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
মাদারীপুর: সদর থানা জামায়াতের আমির মো. মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ তিন জনকে আটক করেছে পুলিশ। তবে তাদের পুরনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সদর থানার ওসি মো. মনিরুজ্জামান।
বাগেরহাট: সদর ও চিতলমারী থানা পুলিশ স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের চার নেতাকে গ্রেপ্তার করেছে। তারা হলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম মহিউদ্দিন জিলানী ও সাধারণ সম্পাদক তরফদার নিল্লুর রহমান, চিতলমারী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া মিলন এবং উপজেলা ছাত্রদলের সদস্য বেল্লাল গাজী।
বরিশাল: লিফলেট বিলিতে নিষেধ করায় ছাত্রলীগ নেতাকে দুই বিএনপি নেতার হত্যার হুমকির ঘটনায় করা মামলায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বগুড়া: মিজানুর রহমান নামের এক শিবিরকর্মীকে গোয়েন্দা পুলিশ আটক করেছে। তিনি বগুড়া সরকারি আযিযুল হক কলেজের ছাত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/২৩০০ ঘ.
bdnews24