চট্টগ্রাম, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘ঢাকা চলো’ কর্মসূচিকে সামনে রেখে সারাদেশে গণগ্রেপ্তার চলছে দাবি করে তা বন্ধের দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।
তিনি শুক্রবার সকালে নগরীর বহদ্দারহাট মোড়ে চান্দগাঁও থানা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সরকারের প্রতি এই আহ্বান জানান।
তিনি বলেন, মামলা দিয়ে, গ্রেপ্তার করে ১২ মার্চ ঢাকার মহাসমাবেশ বানচাল করা যাবে না।
“জনগণ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না,” বলেন আনোয়ার।
তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে লুটপাট আর সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমাহীন বিদ্যুৎ সঙ্কটে মানুষ অতিষ্ঠ। বর্তমান সরকার আর জনগণের নয়।
সভায় চট্টগ্রাম নগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “দেশের মানুষ বর্তমান সরকার থেকে মুক্তি চায়। স্বাধীনতার পরে এই প্রথম মানুষ আরেকটি মুক্তির সংগ্রামে নেমেছেন। আর ১২ই মার্চের সমাবেশে যোগ দিয়ে এই মুক্তির সংগ্রামে সবাইকে অংশ নিতে হবে।”
চান্দগাঁও থানা বিএনপি সভাপতি নাজিম উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা এ এম নাজিম উদ্দিন, নগর সহ-সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯০০ ঘ.
bdnews24