ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিকল্পধারা বাংলাদেশ রাজধানীতে চার দলের মহাসমাবেশে যোগ দেবে বলে জানিয়েছেন দলটির সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
সাবেক বিএনপি সরকারের এই রাষ্ট্রপতি শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে বলেন, “তিন বছরে জনগণের সমস্যার সমাধান ও গণতন্ত্র সুরক্ষায় সরকার যোগ্যতার প্রমাণ দিতে পারেনি। নিদর্লীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যে মহাসমাবেশ বিরোধী দল ডেকেছে, আমরা তার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি।”
“মহাসমাবেশে আমি নিজে না যেতে পারলেও আমার দলের প্রতিনিধি যোগ দেবে”, যোগ করেন বিএনপির এক সময়ের এই নেতা।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশ থেকেই আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার।
এই মহাসমাবেশ নিয়ে সরকারের মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্যের সমালোচনা করে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে বদরুদ্দোজা চৌধুরী বলেন, “মহাসমাবেশ করা একটি গণতান্ত্রিক অধিকার। এতে বাধা দিতে এখন যেভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে, তা কোনো গণতান্ত্রিক সরকারের কাজ হতে পারে না।
“সরকারকে বলব, বিরোধী দলকে গণতান্ত্রিক অধিকার পালন করতে দিন। এতে বাধা ও প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না”, যোগ করেন তিনি।
‘সমাবেশে উল্টোপাল্টা হলে খবর আছে’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের নিন্দা জানানোর পাশাপাশি সরকারকে নিয়ে খালেদা জিয়ার বক্তব্যেরও সমালোচনা করেন সাবেক এই রাষ্ট্রপতি।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর কাছ থেকে এ ধরনের বক্তব্য আশা করা যায় না। তবে আমি স্বীকার করি- ল্যাংড়া-লুলা বানিয়ে ছেড়ে দেব- এই বক্তব্যও খারাপ।”
এক প্রশ্নের জবাবে বদরুদ্দোজা বলেন, “বিএনপির ইস্যুভিত্তিক আন্দোলন ও কর্মসূচির সঙ্গে বিকল্প ধারা থাকবে।”
তবে চারদলীয় জোটের সম্প্রসারণ হলে বিকল্পধারা তাতে যোগ দেবে না বলেও জানান তিনি।
গত তিন বছরে মহাজোট সরকারের কোনো সাফল্য নেই- এমন মত প্রকাশ করে বদরুদ্দোজা বলেন, “আইনশৃঙ্খলা, বিনিয়োগসহ অর্থনৈতিক ও সামাজিক কোনো ক্ষেত্রেই তারা সাফল্য দেখাতে পারেনি।”
বরাক নদীর উজানে টিপাইমুখে ভারতের বাঁধ নির্মাণের প্রসঙ্গ টেনেও সরকারের ভূমিকার সমালোচনা করেন বিকল্পধারা প্রধান।
তিনি বলেন, “প্রতিবেশী দেশ ভারত চর্তুদিক থেকে বাধ দিয়ে সংকট তৈরি করছে। এ ব্যাপারেও সরকারের ভূমিকা গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি, প্রতিবেশী দেশ এই সরকারকে উপেক্ষা করছে।”
আরেক প্রশ্নের জবাবে বদরুদ্দোজা বলেন, সরকার এভাবে চলতে থাকলে তার দল মধ্যবর্তী নির্বাচনের দাবি জানাবে।
অন্যদের মধ্যে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য মোজাফফর আহমেদ, জয়নুল আবেদিন, লিলি চৌধুরী এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৮১৫ ঘ.
bdnews24