গোপালগঞ্জ, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি রাস্তা দখল করে ব্যবসা চালিয়ে আসছিলেন গোপালগঞ্জের এক আওয়ামী লীগ নেতা। দখল বজায় রাখতে ওই জমিতে নির্মিত ভবনে দলীয় কার্যালয়ের সাইনবোর্ডও তুলেছিলেন তিনি। কিন্তু তাতেও রক্ষা হয়নি।
আওয়ামী লীগ নেতার অবৈধ ওই ভবন শুক্রবার জেলা প্রশাসন ভেঙে দিয়েছে। নির্বাহী হাকিম আবুল খায়েরের নেতৃত্বে পুলিশের উপস্থিতিতে শ্রমিকরা সকালে ভবনটি ভেঙে জনসাধারণের চলাচলের পথটি পরিষ্কার করে দিয়েছে।
কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মিয়া ও তার ভাই ফারুক হোসেন মিয়া কাশালিয়া বাজারে রাস্তা দখল করে দুই বছর আগে ভবনটি নির্মাণ করেছিলেন। সেখানে সার ও কীটনাশকের দোকানও খোলেন তিনি।
কাশিালিয়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সুশীল রঞ্জন মালাকার সাংবাদিকদের জানান, রাস্তায় স্থাপনা নির্মাণ করায় তা সরাতে গত বছরের ১৫ সেপ্টেম্বর তাদের নোটিস দেওয়া হয়। এতে কাজ না হলে ১১ অক্টোবর চূড়ান্ত নোটিস দেওয়া হয়।
চূড়ান্ত নোটিস পাওয়ার পর ক্ষমতাসীন আওয়ামী লীগের ইউনিয়ন কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে দেন সিরাজুল। এর পাশাপাশি নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতেও যান তিনি।
তাদের আবেদনে আদালত স্থাপনা উচ্ছেদের ওপর কোনো নিষেধাজ্ঞা না দেওয়ার পর অবৈধ ভবনটি ভেঙে ফেলা হয় বলে নির্বাহী হাকিম জানিয়েছেন।
বাজারের কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবনে আওয়ামী লীগের সাইনবোর্ড উঠলেও সেখানে দলীয় কোনো কার্যক্রম চলত না। অবৈধ দখল বজায় রাখতেই এই কৌশল নিয়েছিল দুই ভাই।
তবে ফারুক হোসেন মিয়া বলেন, তারা নিজেদের জমিতেই ভবন তৈরি করেছিলেন। প্রশাসন সঠিকভাবে পরিমাপ না করে দাবি করেছে, ওই জমি সরকারি সড়কের ওপর নির্মিত হয়েছে।
অবৈধভাবে প্রশাসন ভবন ভেঙেছে বলেও দাবি করেন তিনি।
ফারুক জানান, এই নিয়ে তারা ইতোমধ্যে আদালতে গেছেন। উচ্ছেদের বিরুদ্ধে আদালত নিষেধাজ্ঞা না দিলেও মামলা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১০ ঘ.
bdnews24