২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে বিএনপিকর্মী গ্রেপ্তারের পর সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন কর্মীকে গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে বিএনপি সমর্থকদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2012, 10:48 AM

Updated : 24 Aug 2022, 10:56 AM

নারায়ণগঞ্জ, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন কর্মীকে গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে বিএনপি সমর্থকদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার সকালে রূপগঞ্জ থানার সামনে এই ঘটনা ঘটে। সংঘর্ষস্থল থেকে আরো পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মামুন মিয়া, শিপন আহম্মেদ, আমজাদ হোসেন, সোহেল মিয়া ও আনিসুর রহমান আনিস। বৃহস্পতিবার রাতে ছাত্রদল নেতা আবু মোহাম্মদ মাসুম, যুবদল নেতা আবু বক্কর মিন্টু ও বিএনপি নেতা হারুন অর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে বিএনপিকর্মীরা থানার সামনে বিক্ষোভ করলে সংঘর্ষ বেঁধে যায়। মাসুম, মিন্টু ও হারুনকে আগের মামলায় গ্রেপ্তার করা হয় বলে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, তাদের গ্রেপ্তারের পর শুক্রবার সকালে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ করে এবং গ্রেপ্তার তিন জনকে ছেড়ে দেওয়ার দাবিতে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হয়। পুলিশ কর্মকর্তা সাহিদুর বলেন, “এক পর্যায়ে বিক্ষোভকারীরা ইট ছুড়লে পুলিশ ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিএনপিকর্মীরা এরপর ডেমরা-কালীগঞ্জ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ সেখানে তাদের লাঠিপেটা করে। সেখান থেকে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয় বলে পরিদর্শক সাহিদুর জানান। রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির সংঘর্ষের জন্য পুলিশের ‘উস্কানিমূলক’ পদক্ষেপকেই দায়ী করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১২ মার্চ বিএনপির ‘ঢাকা চল’ কর্মসূচিকে বাধাগ্রস্ত করতেই বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার প্রতিবাদ জানালে গ্রেপ্তার করা হয় আরো পাঁচ জনকে। “ধরপাকড় করে বিএনপির কর্মসূচি বানচাল করা যাবে না,” বলেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে ১২ মার্চ (সোমবার) ঢাকার নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ হবে, এতে সারাদেশ থেকে নেতা-কর্মী সমর্থকরা যোগ দেবে। এই কর্মসূচির আগে দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। বিএনপি বলছে, সমাবেশ বানচালই এর উদ্দেশ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৬৪৫ ঘ.