ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীনদের ‘অপপ্রচারের’ পরও বিএনপি ১২ মার্চ ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে বলে আশা প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “নানারকম গুজব ও অপপ্রচার ছড়িয়ে সরকার মহাসমাবেশ বানচালের চেষ্টা করছে। তাতে কোনো লাভ হবে না। ১২ মার্চের শান্তিপূর্ণ মহাসমাবেশ দেশের রাজনীতির একটি টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে।”
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশ থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে ইতোমধ্যে বিএনপি নেতারা জানিয়েছেন। সারাদেশ থেকে নেতা-কর্মীদের ‘ঢাকা চলো’ শিরোনামে এ কর্মসূচিতে জড়ো করারও প্রস্তুতি নিচ্ছেন তারা।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী যুব দলের আলোচনা সভায় মহাসমাবেশের প্রস্তুতির কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “আমাদের এ কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও সাংবিধানিক। কিন্তু সরকার এতোই ভীত হয়ে পড়েছে যে, এ কর্মসূচি বানচাল করতে অপকৌশলের পথ বেঁছে নিয়েছে।”
“আবাসিক হোটেলে আজ থেকে ১২ মার্চ পর্যন্ত কোনো কক্ষ ভাড়া না দিতে মালিকদের বলে দিয়েছে। বাড়ি ও মেসে অতিথি কাউকে থাকতে দেওয়া হচ্ছে না। এই কয়েকদিন কমিউনিটি সেন্টারও ভাড়া দেওয়া হবে না। বাস মালিকদেরও বলে দেওয়া হয়েছে ১২ মার্চ ঢাকায় মানুষজন না আনতে”, অভিযোগ করেন এই বিএনপি নেতা।
ক্ষমতাসীন দলের এ ধরনের মানসিকতাকে ‘রাজনৈতিক দেউলেপনা’ বলে উল্লেখ করেন মির্জা ফখরুল।
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পঞ্চম ‘কারাবন্দি দিবস’ উপলক্ষে যুবদল এই আলোচনা সভার আয়োজন করে।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ৭ মার্চ খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। প্যারোলে মুক্তি নিয়ে পরের বছর তিনি চিকিৎসার জন্য বিদেশে চলে যান।
যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদ, যুব দলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মনিরুজ্জামান মুনির, ফজলুর রহমান, আবদুল খালেক, মোরতাজুল করিম বাদরু, মামুন হাসান, ফারুক আহমেদ, মীর রবিউল ইসলাম লাবলু, ফরহাদ হোসেন আজাদ,আ ক ম মোজাম্মেল হক, মীর নেওয়াজ আলী খান, এস এম জাহাঙ্গীর, রফিকুল আলম মজনু আলোচনা সভায় বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪৪০ ঘ.
bdnews24