চট্টগ্রাম, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ মামলার আসামি বিএনপিনেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী সন্দেহে চট্টগ্রাম নগরীতে আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তাদের নগরীর জিইসি মোড়ের সোনালী হোটেল থেকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীতে বিএনপির ১২ মার্চের মহসমাবেশকে সামনে রেখে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পাঁচলাইশ থানার ওসি মো. আলমগীর।
গ্রেপ্তারকৃতদের অধিকাংশের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বলে জানালেও এদের কারো নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি তিনি।
সালাউদ্দিন কাদেরের বাড়ি রাঙ্গুনিয়ার পার্শ্ববর্তী রাউজান উপজেলায়।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বিচারিক আদালত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মামলা সংশ্লিষ্ট যে কয়টি আবেদন করেছেন সেগুলো বিষয়ে আগামী ১৩ মার্চ আদেশ হবে। তার আবেদন খারিজ হওয়া সাপেক্ষে এরপর ঘোষণা হবে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/০০৩২ ঘ.
bdnews24