চাঁদপুর, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির দুই পক্ষ এক সময়ে পাশাপাশি স্থানে সভা ডাকায় হাজীগঞ্জ উপজেলায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
শুক্রবার বিকাল ৩টায় জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক সমর্থিত হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা রামগঞ্জ সড়কের পাশে বিএনপির অস্থায়ী কার্যালয়ে ১২ মার্চের ‘ঢাকা চলো’ কর্মসূচি উপলক্ষে সভা আহ্বান করে।
অন্যদিকে সাবেক সংসদ সদস্য এম এ মতিনের সমর্থক বিএনপির নেতা-কর্মীরা একই সময় কাছের পূর্ব বাজারে সভা ডাকে।
হাজীগঞ্জের ভারপ্রাপ্ত ইউএনও শাম্মী আক্তার বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাশাপাশি স্থানে বিএনপির দুই পক্ষ সভা আহ্বান করায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শুক্রবার সকাল ৬টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত হাজীগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। এই সময়ে কোনো ধরনের সভা-সমাবেশ করা যাবে না বলে ইউএনও জানান।
গত ১৩ মার্চ চাঁদপুর স্টেডিয়ামে খালেদা জিয়ার জনসভাস্থলে মতিনের সঙ্গে জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক অসৌজন্যমূলক আচরণ করেন। এরপর থেকে বিএনপির দুই পক্ষে উত্তেজনা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩৪১ ঘ.
bdnews24