২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আব্বাস-শাজাহানসহ ৬ জনের সাজা বাতিল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সাবেক মন্ত্রী শাজাহান সিরাজ ও সাবেক সংসদ সদস্য রশিদুজ্জামান মিঠমঠাতসহ ছয় জনের সাজার রায় বাতিল করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 05:45 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সাবেক মন্ত্রী শাজাহান সিরাজ ও সাবেক সংসদ সদস্য রশিদুজ্জামান মিঠমঠাতসহ ছয় জনের সাজার রায় বাতিল করেছে হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি নাঈমা হায়দারের বেঞ্চ পৃথক মামলায় আপিল মঞ্জুর করে এ রায় দেয়। সাজা থেকে খালাস পাওয়া বাকি তিন জন হলেন- মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শহীদুল্লাহ খান ও তার স্ত্রী মাসুদা খান। আদালতে আব্বাস ও শহীদুল্লাহ দম্পতির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও খায়রুল আলম চৌধুরী। রশিদুজ্জামানের পক্ষে এম বদরুদ্দোজা এবং শাজাহানের পক্ষে অ্যাডভোকেট ওমর সাদাত ও সারওয়াত সিরাজ মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম ও আব্দুর রহিম ভূঁইয়া এবং দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন এম এ আজিজ খান। পরে আহসানুল করিম বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আয়কর ফাঁকির অভিযোগে আব্বাস দম্পতির বিরুদ্ধে তিনটি মামলা হয়। এসব মামলায় আট বছর সাজার রায় হয়। আয়কর ফাঁকি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শহীদল্ললাহ খান দম্পতির বিরুদ্ধে চারটি মামলা হয়। এসব মামলায় তাদের আট ও বছর ১৩ বছর সাজার রায় হয়। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে তারা আপিল করেন। রশিদুজ্জামানের আইনজীবী এম বদরুদ্দোজা বলেন, আয়কর ফাঁকির অভিযোগে করা একটি মামলায় তার ছয় বছর সাজা হয়। এই রায়ের বিরুদ্ধে তার আপিল মঞ্জুর করে আদালত সাজার রায় বাতিল ঘোষণা করে। সারওয়াত সিরাজ বলেন, আয়কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের করা একটি মামলায় শাজাহান সিরাজের ১০ বছরের সাজা হয়েছিল। এ রায়ের বিরুদ্ধে তার করা আপিল মঞ্জুর করে হাই কোর্ট রায় দেয়ায় তিনি ওই সাজা থেকে অব্যাহতি পেলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২৩৩৭ ঘ.