২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাদের মোল্লার অভিযোগ গঠনের শুনানি মুলতবি

জামায়াতে ইসলামী নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠনের শুনানি মুলতবি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 05:17 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামী নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠনের শুনানি মুলতবি হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরবর্তী শুনানির জন্য আগামী ১৩ মার্চ দিন ঠিক করেছেন। সাত দফা অভিযোগ আদালতে তুলে ধরার মধ্য দিয়ে বুধবার কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। মুক্তিযুদ্ধকালে মোস্তফা নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাসহ কয়েকজন জামায়াত নেতার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। এছাড়া ২০০৮ সালে পল্লবী থানায় আরো একটি মামলা হয় কাদেরের বিরুদ্ধে। এই মামলাতেই ২০১০ সালের ১৩ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। কাদের মোল্লার বিরুদ্ধে গত ১ নভেম্বর জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে প্রসিকিউশন। ২৮ ডিসেম্বর তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে প্রসিকিউশনের প্রতিবেদনে বলা হয়, একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে কাদের মোল্লার অপরাধ ক্ষেত্র ছিল মিরপুর ও মোহাম্মদপুর এলাকা। ২৫ মার্চ মধ্যরাত থেকে ওই এলাকায় বাঙালী নিধন শুরু করেন তিনি। স্থানীয় বিহারীরা তাকে সহায়তা করে। মিরপুরের আলোকদী গ্রামেও গণহত্যায় অংশ নেন জামায়াতের এই নেতা, যিনি নৃশংসতার জন্য পরিচিতি পান ‘জল্লাদ’ বা ‘কসাই’ নামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/২৩১৪ ঘ.