ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে খালেদা জিয়ার ‘অর্থ নেওয়ার’ খবরকে ‘কাল্পনিক গল্প’ অভিহিত করেছে বিএনপি।
আইএসআই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বুধবার দেওয়া বক্তব্যের প্রতিবাদ বৃহস্পতিবার জানান বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর বক্তব্য শিষ্টাচার বিবর্জিত। আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আমাদের নেত্রী বিদেশিদের কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করেন না।”
খালেদা জিয়া ১৯৯১ সালের সংসদ নির্বাচনে খালেদা জিয়া আইএসআইয়ের কাছ থেকে অর্থ নিয়েছিলেন- একটি দৈনিকে প্রকাশিত এ খবরের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বুধবার সংসদে বলেন, “যারা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের অর্থ নিয়েছে এবং যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।”
এ বক্তব্যের প্রতিবাদ ও সমালোচনা করে বিএনপির মুখপাত্র বলেন, “বিশ্বের মধ্যে মর্যাদাবান ‘ইকোনমিস্ট’ পত্রিকা বলেছে, ২০০৮ সালে পাশ্ববর্তী দেশ থেকে বস্তায় বস্তায় টাকা এনে আপনারা (শেখ হাসিনা) নির্বাচন করেছেন। সেজন্য এখন তাকে ঢাকতে একটি নতুন কাল্পনিক গল্প তৈরি করেছেন তিনি।”
“আমাদের নেত্রী বিদেশে গিয়ে কখনো আশ্রয় নেননি। কারো প্রস্তাবে কোনো অবস্থাতেই দেশ ছেড়ে যাননি। কিন্তু আপনি (শেখ হাসিনা) ১/১১তে প্যারোলে কানের চিকিৎসার জন্য বিদেশে চলে গিয়েছিলেন।”
“তাই প্রধানমন্ত্রীকে বলব, দয়া করে অবাস্তব, অবান্তর ও কাল্পনিক কথা বলবেন না। এরকম কথা বললে- কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে আসতে পারে।”
লন্ডন থেকে প্রকাশিত প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট গত বছর এক প্রতিবেদনে বলেছিল, ‘ভারতের বস্তা বস্তা টাকায়’ ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়েছিল আওয়ামী লীগ।
বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জা ফখরুল কথা বলছিলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পঞ্চম কারাবন্দি দিবস উপলক্ষে আয়াজিত আলোচনা সভায়। ২০০৭ সালের ৭ মার্চ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হওয়ার তারেক পরে চিকিৎসার জন্য লন্ডন গিয়ে এখন পর্যন্ত ফেরেননি।
অভ্যুত্থানচেষ্টা
গত ডিসেম্বরে সরকার উৎখাতে সেনাবাহিনীর কয়েকজন ধর্মান্ধ সদস্যের অভ্যুত্থানচেষ্টা নস্যাৎ হয়েছে বলে জানুয়ারিতে সেনাসদর যে তথ্য জানায় বৃহস্পতিবার তারও সমালোচনা করেন মির্জা ফখরুল।
বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “ওই সময় আনন্দবাজার পত্রিকা লিখেছিল, শেখ হাসিনার পাশে থাকবে দিল্লি। তাই জনগণ জানে তাদের ঘুড়ির সুতার নাটাই কোথায় বাঁধা আছে।”
আগামী ১২ মার্চের মহাসমাবেশ নিয়ে সরকারের ‘উস্কানিমূলক’ বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, “মহাসমাবেশ মহাসমুদ্রে পরিণত হবে জেনে সরকার এখন নানা রকম অপপ্রচার চালাচ্ছে। নেতা-কর্মীদের ভয়-ভীতি দেখাচ্ছে, গ্রেপ্তার করছে।”
“বাস মালিকদের সেদিন বাসা ভাড়া দিতে সরকার বারণ করে দিচ্ছে।”
আগামী ১২ মার্চ রাজধানীতে মহাসমাবেশ করবে বিএনপি যা ঘোষণা হয়েছিল জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। সরকারের একাধিক মন্ত্রী দাবি করেছেন, ওই দিন রাজধানীতে নাশকতা সৃষ্টি করতে পারে বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৪৯ ঘ.
bdnews24